রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে একটি কোচিং সেন্টার থেকে ৪৯ লাখ টাকা স্থানান্তরের তথ্য পাওয়া গেছে। ২০২২ সালের ৩০ আগস্ট নিউরন নার্সিং কোচিং সেন্টারের হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হওয়ার পর একই দিন ওই সার্জেন্টের হিসাবে ৪৯ লাখ টাকা পাঠানো হয়। বিপুল অঙ্কের এই অর্থের উৎস ও লেনদেনের কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। তবে এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট সার্জেন্ট ও কোচিং সেন্টারের স্বত্বাধিকারী।
অভিযুক্ত নারী সার্জেন্টের নাম সাবিহা আক্তার। আর টাকা পাঠানো প্রতিষ্ঠান নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে সার্জেন্ট সাবিহাকে টাকা দেওয়ার সময় তিনি ওই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।
এক্সিম ব্যাংকের হিসাব বিবরণীতে দেখা যায়, ২০২২ সালের ৩০ আগস্ট নিউরন নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হয়। একই দিন সেখান থেকে সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তর করা হয়। এ লেনদেনের ট্রানজেকশন ডেসক্রিপশন নম্বর(——–)। এত বড় অঙ্কের অর্থ এক দিনে জমা ও স্থানান্তরের বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে।’ টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যিনি টাকা দিয়েছেন, তাকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’
গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে আরএমপির ট্রাফিক অফিসে ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের কক্ষে তার উপস্থিতিতেই এসব কথা বলেন সাবিহা। পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে যান তিনি। একটি ডেন্টাল কেয়ারের সামনে তাদের মুখোমুখি বসে কথা বলতে দেখা যায়। তখনও সার্জেন্ট সাবিহা পুলিশের ইউনিফর্ম পরা ছিলেন।
অর্থ স্থানান্তরের বিষয়ে সাইফুল ইসলাম প্রথমে কথা বলতে রাজি হননি। পরে তিনি বলেন, ‘আসলে সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিলেন। কিন্তু সে সরাসরি তার কাছ থেকে টাকাটা নিতে চাননি। এ জন্য ওই ব্যক্তি আমাকে নগদ টাকা দেন। আমি সেটা আমার ব্যাংক হিসাবে নিয়ে সাবিহার হিসাবে ট্রান্সফার করে দিয়েছি। এখন উপকার করতে গিয়ে আমিই বিপদে পড়েছি।’
এ ধরনের রহস্যজনক লেনদেনের তদন্ত প্রয়োজন বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন। তিনি বলেন, ‘ট্রাফিক বিভাগে দুর্নীতি হয়, এটা সবার জানা কথা। ওপর মহল থেকে নিচের মহল—সবাই কোনও না কোনোভাবে সুবিধাভোগী হয়। কাজেই আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন থাকলে তার তদন্ত হওয়া প্রয়োজন।’
এ বিষয়ে জানতে চাইলে আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘সার্জেন্ট সাবিহা আমাকে জানিয়েছেন, এ ধরনের কোনও লেনদেন তিনি করেননি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
The post একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’ appeared first on ZoomBangla.