কলকাতা,১১ নভেম্বর-কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার (ভিস্তারা) একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ আগে পাইলটের কাছ থেকে বিমান ছিনতাইয়ের সতর্কবার্তা পায় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। বার্তা পাওয়ার পরপরই এটিসির নির্দেশে উড্ডয়ন বাতিল করা হয়। দ্রুত বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিআইএসএফসহ বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিআইএসএফের সদস্য, পুলিশ কুকুর ও নিরাপত্তা কর্মকর্তারা তল্লাশি অভিযান শুরু করেন। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
বুধবার এ ধরনের একটি সতর্কবার্তাকে কেন্দ্র করে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার (ভিস্তারা) বিমানটির মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। কিন্তু উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমানটি ছিনতাই করা হবে বলে হুমকি বার্তা পাওয়া যায়। বিমানের শৌচাগারে একটি চিরকুটে লিখে এ হুমকি দেওয়া হয়েছিল। বিষয়টি নজরে আসার পর বিমানকর্মীরা পাইলটকে জানান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পাইলট এটিসিকে বিমান ছিনতাইয়ের আশঙ্কার কথা জানিয়ে জরুরি বার্তা পাঠান। এ বার্তা পাওয়ার পর কলকাতা বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়।
নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত বিমানে পৌঁছে সব ধরনের ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি) মেনে তল্লাশি শুরু করেন। বিমানে থাকা সব যাত্রী ও তাঁদের ব্যাগেজ পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্যান এবং নিরাপত্তা পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি বিমানবন্দর ও বিমানটির ভেতরের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখা হচ্ছে।
বার্তা সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক বিক্রম সিং জানান, ওই চিরকুটে উল্লেখ ছিল, সকাল ১১টা ১০ মিনিটে বিমানটি ছিনতাই করা হবে।
এস এম/ ১১ নভেম্বর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কলকাতা-মুম্বাইগামী বিমানে ছিনতাইয়ের হুমকি, উড্ডয়নের আগে রানওয়ে থেকে সরানো হলো first appeared on DesheBideshe.