কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা | চ্যানেল আই অনলাইন

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা | চ্যানেল আই অনলাইন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কিছুদিনের জন্য দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পর এবার গুলশানের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন চিত্রনায়িকা রোজিনা।

সাক্ষাতের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ফেসবুকে রোজিনা লেখেন, ‘বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাঞ্চন কয়েকদিন আগেই লন্ডন থেকে ঢাকায় এসেছে। কাঞ্চনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার গুলশানের বাসায়।’

অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, ‘কাঞ্চন এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ইনশাআল্লাহ অতি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। লন্ডনের ডাক্তাররা বলেছেন, এই মাসের ১২ তারিখে আবার চিকিৎসার জন্য লন্ডনে চলে যাবে কাঞ্চন।’

রোজিনা আরও জানান, চিকিৎসার পুরো সময়জুড়ে ইলিয়াস কাঞ্চনের পাশে রয়েছেন তার পরিবারের সদস্যরা। তিনি লেখেন, ‘কাঞ্চনের সঙ্গে সবসময় তার স্ত্রী ফরিদা, ছেলে, মেয়ে ও মেয়ের জামাই রয়েছেন। তারাই সার্বক্ষণিক দেখাশোনা করছেন।’

পোস্টের শেষাংশে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চান এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন।’

উল্লেখ্য, গত বছর ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার ধরা পড়ার খবর প্রকাশ্যে আসে। পরে লন্ডনে তার মাথায় অস্ত্রোপচার করা হয় এবং দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা ও টার্গেট থেরাপি চলতে থাকে। চিকিৎসার অংশ হিসেবে কিছুদিনের জন্য দেশে ফিরলেও আগামী ১২ আগস্ট আবারও লন্ডনে যাওয়ার কথা রয়েছে এই বরেণ্য অভিনেতার।