বরগুনা প্রতিনিধি:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বরগুনায় গত তিনদিন ধরে চলছে টানা বৃষ্টিপাত। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে থেমে থেমে বৃষ্টি চললেও শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে মুষলধারে বর্ষণ শুরু হয়েছে।এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক, জেলে, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।জমিতে পানি জমে শীতকালীন সবজির বীজতলা নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, পাশাপাশি বাতাস ও বৃষ্টিতে পাকা ও আধাপাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে।
তালতলী উপজেলার সওদাগর পাড়ার কৃষক শাহাদাত হোসেন জানান, ‘টানা বৃষ্টিতে আমাদের কৃষিকাজ নিয়ে দুশ্চিন্তা বেড়েছে।নিচু জমিতে পানি জমে যাওয়ায় শীতকালীন সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অনেক কষ্ট ও টাকা খরচ করে জমিতে ফসল আবাদ করেছি। এখন বৃষ্টি অব্যাহত থাকলে ফসল নষ্ট হয়ে বড় ধরনের লোকসানে পরব।
বরগুনা সদরের বুড়িরচর এলাকার আরেক কৃষক আলাউদ্দিন আকন বলেন, এখন মাঠে বিভিন্ন ধরনের ফসল রয়েছে। কিন্তু টানা বৃষ্টির কারণে জমিতে কাজ করা যাচ্ছে না। কোথাও কোথাও জমিতে পানি জমে গেছে। এভাবে আরও কয়েকদিন বৃষ্টি হলে ফসলের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। উৎপাদন খরচ বেশি হওয়ায় ফসলের ক্ষতি হলে আমাদের পথে বসতে হবে।
বৈরী আবহাওয়ায় মাছ ধরা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন জেলেরা। জেলে পলাশ মাঝি ও জহিরুল ইসলাম বলেন, সাগর ও নদী উত্তাল থাকায় নৌকা ও ট্রলার নিয়ে বের হওয়া যাচ্ছে না, ফলে আয় বন্ধ হয়ে গেছে।
ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জানান, নিরাপদ আশ্রয়ে ট্রলার রাখা হলেও দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকলে মালিক ও শ্রমিকদের খরচ চালানো কঠিন হবে।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ এড়াতে ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এতে জেলেরা মাছ ধরতে না পেরে আর্থিক সংকটে পড়ছেন। দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকলে ট্রলার মালিকদের জ্বালানি, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ বহন করা কঠিন হয়ে পড়বে।
এদিকে বরগুনার ৭২ কিলোমিটার বেড়িবাঁধের ৪৪ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। আতঙ্কে আছেন এসব এলাকার হাজার হাজার মানুষ। তবে ভাঙন রোধে দুটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পাউবোর নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান।
The post ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে বরগুনায় টানা বৃষ্টি, বিপাকে জনজীবন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.