জাতির প্রয়োজনে সরকার চাইলে বিরোধী দল সহযোগিতা করবে : জামায়াত আমির

জাতির প্রয়োজনে সরকার চাইলে বিরোধী দল সহযোগিতা করবে : জামায়াত আমির

য়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির প্রয়োজনে সরকার চাইলে বিরোধী দল যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলে সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, দেশ শুধু সরকারের নয়, বিরোধী দলও দায়িত্বহীন নয়। সরকার ও বিরোধী দল উভয়েরই দেশের প্রতি দায়িত্ব রয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে।

জামায়াত আমির বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় দেশে-বিদেশে দক্ষ টেকনিক্যাল টিম রয়েছে। জাতির স্বার্থে এসব বিশেষজ্ঞকে সরকারের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও সরকার থেকে এখনো সাড়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী তাদের একটি টিম গঠন করে প্রস্তাব উপস্থাপনের কথা বলেছেন।

জামায়াত আমির আরও বলেন, ছয় দফা জনদাবি নিয়ে তারা দ্বিতীয়বারের মতো রাজপথে নেমেছেন। তবে আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা দেশের ক্ষতি করতে চান না তারা।

জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা জানান জামায়াত আমির।

জনগণের জন্য আন্দোলন করে জনগণের ক্ষতি করতে চাই না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, একসময় সরকার জনগণের দাবি বিবেচনা করে তা মেনে নিতে বাধ্য হবে।