জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী – DesheBideshe


জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ৫ জুলাই – জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে (ইউএন-কপস) অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করবেন। আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে সম্মেলনের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন প্লেনারি সেশনে মন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এবারের সম্মেলনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা, পুলিশিং ব্যবস্থায় উদ্ভাবন ও নতুন প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলনের সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও যোগ দেবেন।

নিউইয়র্কে অবস্থানকালীন তিনি জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথেও তার দ্বিপাক্ষিক আলোচনার কথা রয়েছে। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত ইউনিট মোতায়েন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

দুই দিনব্যাপী এই সম্মেলনে মন্ত্রী ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আগামী ১২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

এনএন/ ৫ জুলাই ২০২৬