অভিষেক বিশ্বকাপে এসে মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন নরওয়ের আর্লিং হালান্ড। তাকে আটকানো অসম্ভব হয়ে পড়েছে। ক্লাবের মতো দেশের হয়েও গোলবন্যা ছোটাচ্ছেন। রাতে সেরা ষোলোতে মুখোমুখি হবেন ব্রাজিলের বিপক্ষে। তারকা গোলমেশিনকে আটকানোর জন্য আলাদা কোন পরিকল্পনাই কষছেন না সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি।
প্রায় ৬ ফুট ৫ ইঞ্চির ২৫ বর্ষী নরওয়েজিয়ান তারকা আসরে ৩ ম্যাচে করেছেন ৫ গোল। তাকে আটকানো বেশ কষ্টসাধ্য প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য। ব্রাজিল কোচ আনচেলত্তি ম্যাচের আগে বেলেছেন, ‘আমি মনে করি না যে হালান্ড-বিরোধী কোন পরিকল্পনা আছে আমাদের।’
মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নরওয়ের বিপক্ষে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে দলের রক্ষণ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ব্রাজিল কোচ, ‘আমার খেলোয়াড়দের কীভাবে রক্ষণ সামলাতে হবে তা বলার প্রয়োজন নেই, তারা কয়েকবার একে অপরের মুখোমুখি হয়েছে।’
প্রিমিয়ার লিগে আর্সেনালে খেলেন গ্যাব্রিয়েল মাগালহেয়েস, তার চেনা প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির হালান্ড। সে কারণে আনচেলত্তি বলেছেন, ‘মাগালহেয়েস কীভাবে হালান্ডকে কড়া নজরে রাখবেন, সেদিকে না তাকিয়ে পুরো নরওয়ের সুশৃঙ্খল দলটিকে কীভাবে থামাতে হবে সেদিকে মনোযোগ দিতে হবে তাকে। আমাদের দল ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। তবে, আমাদের উন্নতিও অব্যাহত রাখতে হবে। সে (হালান্ড) কীভাবে খেলে তা সবাই জানে। তার বিপক্ষে কীভাবে খেলতে হবে, তা আমার ডিফেন্ডারদের বুঝিয়ে বলার কিছু নেই।’
‘তারা স্পষ্টতই তার বিপক্ষে বেশ কয়েকবার খেলেছে (প্রিমিয়ার লিগে), তাই আমরা শুধু ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত হওয়া এবং প্রতিপক্ষের মৌলিক বৈশিষ্ট্যগুলো বোঝার দিকেই মনোযোগ দিচ্ছি। আমাদের জানা যে, তারা আক্রমণে খুবই বিপজ্জনক।’
এদিকে জাপানের বিপক্ষে হ্যামস্ট্রিং চোটে ভোগা মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকে ছাড়াই খেলবে ব্রাজিল। তবে ঊরুর চোট সেরে ওঠায় ফরোয়ার্ড রাফিনহাকে এ ম্যাচের জন্য দলে ফেরাতে পারেন আনচেলত্তি।





