জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে | চ্যানেল আই অনলাইন

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে | চ্যানেল আই অনলাইন

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন নিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গেছেন তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজ। দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তার দাফনে অংশ নেওয়ার জন্য এ আবেদন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে তানি দিপাবলি আবেদন নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে যান। দীপু মনির চার দিনের প্যারোল চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

এর আগে দুপুর ১২টার দিকে মায়ের সঙ্গে দেখা করতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে যান দিপাবলি। কারাগার থেকে বের হয়ে মায়ের প্যারোলের আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তিনি।

জানা গেছে, দীপু মনির প্যারোলে মুক্তি মিললে বুধবার বিকেলে তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন করার প্রস্তুতি রয়েছে।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে।

এদিকে দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ বলেন, প্যারোলে মুক্তির বিষয়ে তারা এখনো অবগত নন। দীপু মনির পক্ষে কেউ কারাগারে কোনো দরখাস্ত নিয়ে আসেননি।