LATEST
বরিশালে ছেলের হাতে মা খুন জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট পালিয়েছে, সে আর ফিরে আসবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফেলে দেওয়া ক্যানের ছিপিতে বিশ্বসুন্দরীর রাজসিক পোশাক ভারতীয় সিনেমায় পৌরাণিক গল্পের এত কদর কেন? ডলারের সঙ্গে স্বর্ণের দামের সম্পর্ক কী? এবার আইপিএল নিলামে একসঙ্গে বাপ-ব্যাটা শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল কিনবে সরকার JETOUR Announces 2027 Australian Market Entry, Outlines Long-Term Growth Plans
Top News

টিআইবির গবেষণা: ঢাকায় প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত বাড়তি ব্যয়

টিআইবির গবেষণা: ঢাকায় প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত বাড়তি ব্যয়

ঢাকার বেসরকারি আবাসন প্রকল্পে প্লট কিনে মালিকানা বুঝে পেতে ক্রেতাদের বিজ্ঞাপিত মূল্যের বাইরেও বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে একজন ক্রেতাকে প্রতি কাঠায় সর্বোচ্চ ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়তি ব্যয় বহন করতে হয়। উন্নয়ন ফি, সার্ভিস চার্জ, ইউটিলিটি সংযোগ, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতে এসব অর্থ নেওয়া হয়। এ ছাড়া চুক্তির পর অতিরিক্ত অর্থ দাবি, প্লট হস্তান্তরে বিলম্ব ও পরিশোধিত অর্থ ফেরত না দেওয়ার মতো অভিযোগও রয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। আজ বুধবার সকালে ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত গবেষণাটি করা হয়েছে। এতে রিয়েল এস্টেট কোম্পানি, প্লট ক্রেতা ও জমির মালিকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

টিআইবির গবেষণায় প্লট কেনা ও মালিকানা বুঝে পাওয়ার আগপর্যন্ত বিভিন্ন খাতের অতিরিক্ত ব্যয়ের হিসাব তুলে ধরা হয়েছে। এতে উন্নয়ন ফি বা সার্ভিস চার্জ বাবদ প্রতি কাঠায় ২৫ হাজার থেকে ৫ লাখ টাকা, ইউটিলিটি ডিপোজিট বাবদ প্রতি প্লটে ১ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং পানি সংযোগ ও প্রসেসিং ফি বাবদ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের তথ্য রয়েছে। এ ছাড়া সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তাঘাট নির্মাণ বাবদ প্রতি কাঠায় ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বেসরকারি আবাসন খাতের সুশাসনে ব্যাপক ঘাটতি রয়েছে। বিশেষ করে আইনের যথাযথ প্রয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছতা, তথ্য প্রকাশ, অংশগ্রহণ ও জবাবদিহির অভাব রয়েছে। এ কারণে আবাসন প্রতিষ্ঠানগুলোর একাংশ অনিয়ন্ত্রিত ও জবাবদিহিহীনভাবে ব্যবসা পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন ও ইউটিলিটি কর্তৃপক্ষের একাংশের সঙ্গে যোগসাজশে অনিয়ম ও প্রতারণার ঘটনা ঘটছে।

ইফতেখারুজ্জামান বলেন, অনিয়ম অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আবাসন খাতটি মূলত ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে থাকায় জমির মালিক ও প্লট ক্রেতারা তাঁদের হাতে অনেকটা জিম্মি। এ খাতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণের কথা তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক যোগসাজশ, মধ্যস্বত্বভোগী, ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী গোষ্ঠী এবং প্রশাসনের একাংশের মধ্যে যোগসাজশের ফলে একধরনের ‘মাফিয়াতন্ত্র’ গড়ে উঠেছে। এই গোষ্ঠী নীতিকাঠামোকেও জিম্মি করে ফেলেছে।

ইফতেখারুজ্জামান আরও বলেন, কিছু প্রভাবশালী আবাসন প্রতিষ্ঠান নিজেদের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশে বাধা দেয়, সাংবাদিকদের ভয়ভীতি দেখায় ও আর্থিক সুবিধা বা প্লট বরাদ্দের প্রলোভন দেখায়। কোনো কোনো ক্ষেত্রে গণমাধ্যমকেও নিজেদের স্বার্থ রক্ষায় ব্যবহার করা হচ্ছে।

এই সংকটের সমাধান নিয়ে এক প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আবাসন খাতের অনিয়ম ও ভূমি দখল বন্ধে সরকারকেই নেতৃত্ব দিতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। অনিয়মে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

৯ কোটি টাকার বেশি অবৈধ লেনদেন

টিআইবির গবেষণায় বলা হয়েছে, ২৫ একর জমিতে একটি আবাসন প্রকল্প গড়ে তুলতে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মের বাইরে ৪ কোটি ১১ লাখ ৬০ হাজার থেকে ৯ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত লেনদেন হয়।

জমির শ্রেণি পরিবর্তন, নামজারি, প্রকল্পের নকশা ও অনুমোদন, জমি ব্যবহারের ছাড়পত্র এবং পরিবেশগত ছাড়পত্র নেওয়ার বিভিন্ন পর্যায়ে এসব অর্থ লেনদেনের তথ্য তুলে ধরেছে টিআইবি। এতে এসি ল্যান্ড অফিস, রাজউক, ডিপিডিসি, ওয়াসা, পরিবেশ অধিদপ্তর ও ডিটিসিএর নাম উল্লেখ করা হয়েছে।

চুক্তির পরও বাড়তি অর্থ দাবি

প্লট বিক্রি ও বরাদ্দের ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের চিত্রও উঠে এসেছে টিআইবির গবেষণায়। কোনো কোনো আবাসন প্রতিষ্ঠান চুক্তি সম্পন্ন হওয়ার পর প্লটের মূল্য বাড়িয়ে অতিরিক্ত অর্থ দাবি করে। সেই অর্থ দিতে অস্বীকৃতি জানালে প্লট হস্তান্তর বন্ধ রাখার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

এ ছাড়া রেজিস্ট্রেশন সম্পন্ন করা বা মামলা পরিচালনার খরচের অজুহাতে ক্রেতাদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

জমি অধিগ্রহণে মালিকদের ওপর চাপ

জমি সংগ্রহ ও অধিগ্রহণের ক্ষেত্রেও জমির মালিকদের ওপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগের অভিযোগের কথাও গবেষণায় উঠে এসেছে। এ ক্ষেত্রে ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক জমি দখল, বাজারমূল্যের চেয়ে কম দামে জমি বিক্রিতে বাধ্য করা এবং জমির মূল্য পরিশোধে বিলম্বের মতো বিষয় উল্লেখ করা হয়েছে।

গবেষণায় ঢাকার জোয়ারসাহারা ও কাঁঠালদিয়া মৌজায় একটি প্রভাবশালী আবাসন প্রতিষ্ঠানের প্রকল্পের উদাহরণ তুলে ধরা হয়েছে। ১৯৮৮ সালে ৩০৫ একর জমি নিয়ে প্রকল্প শুরু করে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক যোগাযোগ ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তা প্রায় ৭ হাজার একরে সম্প্রসারণের অভিযোগ রয়েছে।

গবেষণায় বলা হয়েছে, প্রকল্পটির আওতায় প্রায় ৮০০ একর সরকারি খাসজমি, ২১৬ একর ভাওয়াল এস্টেটের জমি এবং নদী, খাল ও জলাশয় অন্তর্ভুক্ত করা হয়। এ ছাড়া প্রায় ১ হাজার ৪২১ দশমিক ৪৮ একর জমির নিয়ন্ত্রণ পাওয়ার ফলে আনুমানিক ৫০ হাজার থেকে ৮৬ হাজার কোটি টাকা মূল্যের সরকারি ও প্রাকৃতিক সম্পদ ব্যক্তি খাতে স্থানান্তরের অভিযোগ তুলে ধরা হয়েছে।

জলাভূমি ভরাট করে প্রকল্প সম্প্রসারণ

আবাসন প্রকল্পের সম্প্রসারণে জলাভূমি, নিচু জমি ও বন্যাপ্রবাহ অঞ্চলের জমি ভরাটের বিষয়টিও গবেষণায় উঠে এসেছে। এতে পরিবেশগত ভারসাম্য ও নগরের পানিনিষ্কাশনব্যবস্থা ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।

গবেষণায় রাজধানীর হোলান ও আশকোনা এলাকার একটি আবাসন প্রকল্পের উদাহরণ দেওয়া হয়েছে। সেখানে ৪৩ একর জমির অনুমোদন থাকলেও প্রায় ২৩০ একর অননুমোদিত জলাভূমি ও নিচু জমি ভরাট করে প্রকল্পের সীমানা সম্প্রসারণের তথ্য উল্লেখ করা হয়েছে।

ড্যাপ সংশোধনে আবাসন ব্যবসায়ীদের প্রভাব

ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধনের ক্ষেত্রেও আবাসন ব্যবসায়ীদের প্রভাব বিস্তারের বিষয়টি উঠে এসেছে গবেষণায়।

গবেষণায় বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ড্যাপ ১৫৮ বার সংশোধন করা হয়। ২০২২-২০৩৫ মেয়াদের ড্যাপ প্রণয়নের এক বছরের মধ্যেই আবাসন ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এটি পরিবর্তনের জন্য অন্তত চারবার দাপ্তরিক উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে দুবার বড় ধরনের সংশোধনী গেজেট প্রকাশিত হয়।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে ড্যাপের নতুন সংশোধনীর মাধ্যমে ভবনের উচ্চতা দ্বিগুণ করার আইনি সুযোগ তৈরি করা হয়। এ ছাড়া সংরক্ষিত জলাভূমি ও বন্যাপ্রবাহ অঞ্চলকে আবাসনযোগ্য এলাকায় রূপান্তরের বিষয়টিও উঠে এসেছে।

সাশ্রয়ী আবাসনে গুরুত্ব কম

গবেষণায় ১৫০টির বেশি আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রম মূলত উচ্চ আয়ের ও বিনিয়োগে সক্ষম ক্রেতাদের লক্ষ্য করে পরিচালিত হয়। বিজ্ঞাপনে বিলাসবহুল জীবনযাপন ও লাভজনক বিনিয়োগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ক্রয়ক্ষমতার উপযোগী সাশ্রয়ী আবাসন নির্মাণে প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক মডেল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি রয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

টিআইবির সুপারিশ

বেসরকারি আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বেশ কিছু সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে রয়েছে প্লটের বিজ্ঞাপিত মূল্যের পাশাপাশি উন্নয়ন ফি, ইউটিলিটি চার্জ ও অন্যান্য অতিরিক্ত ব্যয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা। অর্থ ফেরত ও কিস্তি পরিশোধের নীতিমালাও স্পষ্টভাবে উল্লেখ করার সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের নিয়ে আন্তসংস্থা সমন্বয় প্ল্যাটফর্ম গঠন, তাৎক্ষণিক তথ্য বিনিময় ও সব আবাসন প্রকল্পের অনুমোদন, নকশা ও ইউটিলিটি-সংক্রান্ত তথ্য প্রকাশ বাধ্যতামূলক করারও সুপারিশ করেছে টিআইবি।

More in Top News

View all

Latest news