নাটককে সিনেমা হিসেবে সেন্সর করানোর অভিযোগ ওঠে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর বিরুদ্ধে। সেই অভিযোগ আমলে নিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর একজন অভিনেত্রীর অভিযোগ আমলে নিয়ে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
সার্টিফিকেশন বোর্ডের অন্তত তিন জন সদস্যের সাথে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর অনুমতি বাতিল হচ্ছে কিনা জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন জানান, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সার্টিফিকেশন বাতিল বিষয়ে এখনই কিছু জানানোর সময় হয়নি। তবে এটির প্রক্রিয়া চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য বলেন , “আমরা চলচ্চিত্রটির সেন্সর দিয়েছিলাম। তখন এটির বিরুদ্ধে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি। এরপর বিষয়টি নিয়ে প্রজেক্টের সঙ্গে যুক্ত একজন অভিনেত্রী লিখিত অভিযোগ করেন। ফলে বিষয়টি বোর্ড সভাপতির নজরে এলে এ বিষয় নিয়ে আমরা বসেছি।”
তিনি জানান, ওই অভিনেত্রীর অভিযোগের সত্যতা খতিয়ে দেখে বোর্ড ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ এর সার্টিফিকেশন বোর্ড থেকে দেয়া অনুমতি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
পরিচালনার পাশাপাশি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর। সঙ্গে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।
কদিন আগে এক ভিডিওবার্তায় ওমর সানী বলেন, কন্ট্রাক্ট ম্যারেজ’ কোনো সিনেমা নয়, এটি একটি নাটক হিসেবে যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল। দর্শক যেভাবে মৌসুমীকে দেখে অভ্যস্ত, কাজটি সেই প্রত্যাশার সঙ্গে যায় না। তাই ছবিটির মুক্তি বন্ধের আহ্বান জানাই।
ভিডিওতে নিজের অবস্থান তুলে ধরেন মৌসুমী। তিনি জানান, নির্মাতার (হাসান জাহাঙ্গীর)-এর অনুরোধে তিনি যুক্তরাষ্ট্রে একটি এক ঘণ্টার নাটকে কাজ করতে রাজি হন এবং কয়েক দফায় শুটিংও করেন।
পরে নির্মাতা তাকে জানান, ফুটেজ বেশি হওয়ায় এটি টেলিছবি হিসেবে মুক্তি দেওয়া হবে এবং সে অনুযায়ী পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়। কিন্তু পরবর্তী সময়ে তিনি জানতে পারেন, কাজটি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এবং সেন্সর সনদও পেয়েছে। মৌসুমী জানান, এটি তার কাছে বিস্ময়কর।
মৌসুমীর অভিযোগ, তার অজান্তেই কাজটিকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে ‘কাটপিসের মতো ব্যবহার’ করা হয়েছে, যা তিনি অনৈতিক বলে মনে করছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মৌসুমী চলচ্চিত্র সংশ্লিষ্ট পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির হস্তক্ষেপ কামনা করেছেন।






