LATEST
ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলেই আইএইএ-র পরমাণু যাচাই কার্যক্রম পুনরায় শুরুর শর্ত ইরান-চীন-রাশিয়ার সঞ্জীব চৌধুরীর প্রস্থানের ১৯ বছর আজ সময় ও মানুষের কথা বলা এক শিল্পী নীরব সংগ্রাম ও আত্মত্যাগের স্বীকৃতি, আজ বিশ্ব পুরুষ দিবস রাজশাহীতে মধ্যরাতে বিআরটিসির বাসে পেট্রোল বোমা হামলা আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী হলিডে ইন ঢাকায় দ্য মহারাজা রিটার্নস: ঢাকায় যোধপুরের রাজকীয় দস্তরখান
Current Affairs

তিন দশকের দীর্ঘশ্বাস সংবাদপত্র বিক্রেতা রফিকুলের

তিন দশকের দীর্ঘশ্বাস সংবাদপত্র বিক্রেতা রফিকুলের

সারাদেশের ন্যায় নাগরপুরেও শীতের আমেজ পড়তে শুরু করেছে। ভোরের বাতাসে হালকা ঠান্ডা আমেজ, আর সামনে শীত বাড়লে কুয়াশায় ঢেকে যাবে চারপাশের পথঘাট। শীতের এই হিমশীতল সকালে প্রতিদিনের মতো আজও পুরোনো সাইকেলটি নিয়ে পত্রিকা বিলি করতে বের হন ৪৫ বছর বয়সী রফিকুল ইসলাম। বিভিন্ন পত্রিকার বান্ডিল সংগ্রহ করে তা সাইকেলে সাজিয়ে তিনি ছুটে চলেন দুটি উপজেলাসহ বিভিন্ন বাজার এবং ঘাটের অলিগলিতে।

বিগত প্রায় ৩০ বছর ধরে এভাবেই মানুষের দোরগোড়ায় ও হাতে হাতে পৌঁছে দিচ্ছেন প্রতিদিনের সংবাদপত্র। তবে রফিকের এই প্রতিদিনের পথচলার বিশ্বস্ত সঙ্গী পুরোনো সাইকেলটি এখন আর আগের মতো চলে না। সাইকেলের যান্ত্রিক ক্লান্তির সঙ্গে যুক্ত হয়েছে তার নিজের শারীরিক নানা জটিলতা। নদীভাঙন কেড়েছে বসতভিটা, শুরু হয় জীবনযুদ্ধ মো. রফিকুল ইসলামের জন্মস্থান নাগরপুর উপজেলার পার্শ্ববর্তী চৌহালী উপজেলায়। স্ত্রী, সন্তান ও বৃদ্ধ বাবা-মাকে নিয়ে গড়া তাঁর ছোট্ট সংসার। এই পত্রিকা বিক্রির সামান্য আয়ই তাঁর পরিবারের একমাত্র আর্থিক অবলম্বন। সন্তানদের লেখাপড়ার খরচ, বৃদ্ধ বাবা-মায়ের ওষুধ ও চিকিৎসাপত্র এবং সংসারের নিত্যপ্রয়োজনীয় বাজার সবকিছুই সামলাতে হয় এই আয়ের ওপর নির্ভর করে। একসময় পরিবারে সচ্ছলতা ও সম্পদ থাকলেও প্রমত্তা নদীর ভাঙনে সবকিছু বিলীন হয়ে গেছে। আজ ভিটেমাটি হারিয়ে তাঁরা অন্যের জমিতে ঘর ভাড়া নিয়ে বসবাস করছেন। কোনো মাসে পত্রিকা বিক্রি কিছুটা ভালো হলে পরিবারে স্বস্তি আসে, আর বিক্রি কমলে নেমে আসে চরম অনিশ্চয়তা ও টানাপোড়েন। তবুও দীর্ঘ তিন দশক ধরে নিজের হাড়ভাঙা পরিশ্রমে সংসারের হাল ধরে রেখেছেন এই লড়াকু মানুষটি।

স্মৃতিচারণ ও বঞ্চনার গল্প নিজের পেশাজীবন নিয়ে রফিকুল ইসলাম প্রতিবেদককে জানান, ১৯৯৬ সাল থেকে ছোট ভাই রবিউলের হাত ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে রবিউল পেশা পরিবর্তন করলেও ২০০৯ সাল থেকে তিনি এককভাবে পত্রিকার হকার হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু ২০১৯ সালের করোনা মহামারি ও এর পরবর্তী সময় থেকে পত্রিকার ব্যবসায় বড় ধস নামে। আগের মতো মানুষ আর আগ্রহ নিয়ে পত্রিকা কিনে পড়তে চায় না। টাঙ্গাইল জেলায় দুটি পত্রিকার এজেন্ট রয়েছে, যার মধ্যে তিনি দীর্ঘদিন ধরে নিরালা মোড়ের ‘পেপার হাউস’-এর এজেন্ট সাইফুলের সঙ্গে কাজ করে আসছেন।

শারীরিক কষ্টের কথা উল্লেখ করে রফিকুল বলেন, “সাইকেল চালাতে এখন অনেক কষ্ট হয়। তবুও কি আর করার, জীবন-জীবিকার তাগিদে তো পেটে ভাত দিতে হবে! তাই কষ্ট হলেও চালিয়ে যেতে হয়। অথচ দীর্ঘ এই পেশাজীবনে পত্রিকা বা কোনো অফিস থেকে আমরা হকাররা কোনো ধরনের সুযোগ-সুবিধা পাই না।” পাঠকের মুখে কৃতজ্ঞতার সুর, ঝড়-বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছুই রফিকুলের পথ আটকাতে পারে না। স্থানীয় একাধিক নিয়মিত পাঠক জানান, “বৃষ্টি হোক বা ঝড় হোক, রফিকুল ঠিক সময়ে আমাদের হাতে পত্রিকা পৌঁছে দেন।

অনেক বছর ধরে আমরা তার কাছ থেকেই নিয়মিত পত্রিকা নিচ্ছি। তিনি আমাদের প্রতিদিনের খবরের জগতের এক বিশ্বস্ত মানুষ।” একটি জীর্ণ সাইকেল আর ভাঙা স্বাস্থ্যের ওপর ভর করে প্রতিদিন খবরের কাগজ বিলি করে চলা রফিকুল ইসলাম যেন আমাদের সমাজের এক নীরব যোদ্ধা। সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট মহলের একটু সহানুভূতি এবং সহযোগিতা পেলে হয়তো এই সংবাদপত্র বাহককর্মীর জীবনের অন্তিম দিনগুলো কিছুটা স্বস্তির হতে পারত।

More in Current Affairs

View all

Latest news