‘গাড়ি চলে না চলে না, চলে না রে গাড়ি চলে না।’ বাউল শাহ আবদুল করিমের লেখা এই গানটি বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছে পরিচিত এক অনন্য সৃষ্টি। তবে গানটিকে সব শ্রেণির মানুষের কাছে জনপ্রিয় করে তোলার পেছনে বিশেষ অবদান রয়েছে সঞ্জীব চৌধুরীর। তার কণ্ঠে গানটি যেন নতুন করে প্রাণ পেয়েছিল। দেহতত্ত্বের গভীর দর্শন ছাপিয়ে হয়ে উঠেছিল মানুষের জীবন, সংকট আর না-পারার এক চিরচেনা আখ্যান। সঞ্জীব চৌধুরীর গানেও ছিল জীবনের এমনই নানা গল্প। প্রেম, বিরহ, সমাজ, রাজনীতি, প্রতিবাদ কিংবা দ্রোহ, সবকিছুই সমানভাবে জায়গা করে নিয়েছে তার সৃষ্টিতে। সমাজের যেকোনো অসংগতি তাকে ভাবিয়েছে, প্রতিবাদী করেছে। আগুনের কথা যেমন বলেছেন গানে, তেমনি রংপুরে পুলিশের হাতে ধর্ষণের শিকার তরুণী ইয়াসমিনের ঘটনাও হয়ে উঠেছে তার গানের বিষয়। আবার কৈশোরের প্রেম, শহুরে জীবনের উচ্ছ্বাস কিংবা তরুণ মনের আবেগও উঠে এসেছে ‘এই নষ্ট শহরে নাম না জানা যেকোনো মাস্তান’ কিংবা ‘রিকশা কেন আস্তে চলে না’র মতো গানে। কবি, সাংবাদিক, গীতিকার, সুরকার, গায়ক ও সংগঠক, নানা পরিচয়ে সমৃদ্ধ সঞ্জীব চৌধুরী। তবে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন সময় ও মানুষের কথা বলা এক শিল্পী। ২০০৭ সালের ১৯ নভেম্বর পৃথিবীর মায়া ছেড়ে চলে যান তিনি। কিন্তু তার গানের গাড়ি থামেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তার সৃষ্টি নতুন প্রজন্মের কাছেও হয়ে উঠেছে আরও প্রাসঙ্গিক। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। জমিদার পরিবারের সন্তান হলেও শ্রেণিবৈষম্য, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। ছাত্রজীবন থেকেই যুক্ত হন রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলনে। ঢাকা কলেজে পড়ার সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়নের রাজনীতিতে আরও সক্রিয় হয়ে ওঠেন। দায়িত্ব পালন করেন সাংস্কৃতিক ইউনিয়নের সম্পাদক হিসেবেও। মানুষের অধিকার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তার যে প্রতিবাদী অবস্থান, তার শিকড় মূলত এই সময়েই গড়ে উঠেছিল। সঞ্জীবের রাজনৈতিক চেতনার প্রকাশ ঘটেছে তার গানে, কবিতায় এবং বক্তব্যে। শাসকের রক্তচক্ষু কিংবা রাষ্ট্রীয় দমন-পীড়ন তাকে কখনো নিরব করতে পারেনি। চারদিকে যখন ভয় আর অনিশ্চয়তা, তখনও তিনি উচ্চারণ করেছেন প্রতিবাদের ভাষা। তার গানে উঠে এসেছে নিপীড়িত মানুষের আর্তনাদ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস এবং স্বপ্ন দেখার প্রত্যয়। এমনকি অবরুদ্ধ সময়ের ভয়াবহতাও তার শিল্পীসত্তাকে থামাতে পারেনি। ৩০০ লাশের মর্মান্তিক বাস্তবতা তুলে ধরে তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল সেই প্রতিবাদী কথামালা, ‘তবুও বন্ধুগণ, আমার স্বপ্নেরই কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা শেষ করে আশির দশকে সাংবাদিকতা শুরু করেন সঞ্জীব চৌধুরী। কাজ করেছেন আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। মৃত্যুর আগে যায়যায়দিনের ফিচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। বাংলাদেশের দৈনিক সংবাদপত্রে ফিচার বিভাগকে আলাদা গুরুত্ব ও পরিচিতি দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এ সময় তার সহকারী হিসেবে কাজ করেছেন কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু। সাংবাদিকতার পাশাপাশি সংগীতেও নিজের আলাদা জগৎ তৈরি করেন সঞ্জীব। বাপ্পা মজুমদারকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ব্যান্ড ‘দলছুট’। দলটির প্রতিষ্ঠাতা হিসেবে বাংলা ব্যান্ড সংগীতে যুক্ত করেন ভিন্নধর্মী এক সংগীতভাষা। তার গায়কিতে যেমন ছিল স্বতন্ত্রতা, তেমনি কথায় ছিল গভীর জীবনবোধ। কামরুজ্জামান কামুর লেখা বেশ কিছু গান দলছুটের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। এর মধ্যে ‘তোমার বাড়ির রঙের মেলায়’, ‘হাতের উপর হাতের পরশ রবে না’, ‘তোমার ভাঁজ খোল আনন্দ দেখাও’ এবং ‘রিকশা কেন আস্তে চলে না’ উল্লেখযোগ্য। সঞ্জীবের গানে প্রেম ছিল, তবে তা কেবল ব্যক্তিগত অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তার প্রেমের গানেও ছিল জীবন ও সময়ের ছাপ। আবার প্রতিবাদী গানে কেবল স্লোগান নয়, উঠে এসেছে কবিতার শক্তি, মানুষের প্রতি ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রত্যয়। এই বৈচিত্র্যই তাকে বাংলা গানের ইতিহাসে আলাদা জায়গা দিয়েছে। প্রয়াণ দিবস ঘিরে ট্রিবিউট কনসার্ট সঞ্জীব চৌধুরীর গান ও সংগীতভাবনাকে স্মরণ করতে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে এই আয়োজন। সংগীতদল আজব কারখানার উদ্যোগে আয়োজিত কনসার্টে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গান পরিবেশন করবেন চার কণ্ঠশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। আয়োজকদের ভাষ্য, প্রয়াত এই শিল্পীর গান ও সংগীতভাবনার প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ সংগীতসন্ধ্যার আয়োজন। কনসার্টে প্রবেশের জন্য আর্লি বার্ড টিকিটের মূল্য ৭০০ টাকা। অনুষ্ঠানস্থলে টিকিট সংগ্রহ করলে দিতে হবে ১ হাজার টাকা। আর্লি বার্ড টিকিটের জন্য ০১৫১১২৫৯৫২৫ নম্বরে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে। কল বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাবে এই নম্বরে। এ ছাড়া ০১৩৩৯৭৬২১৭০ নম্বরে বিকাশের মেক পেমেন্ট অপশনে রেফারেন্স হিসেবে নিজের নাম ও অনুষ্ঠানের তারিখ উল্লেখ করেও টিকিট কেনা যাবে। ২০০৭ সালের ১৯ নভেম্বর মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হন সঞ্জীব চৌধুরী। তার ১৯তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত এই কনসার্টে নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে আবারও ফিরে আসবে তার গান। শারীরিকভাবে অনুপস্থিত হলেও সঞ্জীবের সৃষ্টি থেমে নেই। প্রেম, দ্রোহ আর মানুষের কথা বলা সেই গান আজও শ্রোতাদের মনে করিয়ে দেয়, কিছু শিল্পীর প্রস্থান হয়, কিন্তু তাদের কণ্ঠের প্রতিবাদ ও সৃষ্টির পথচলা কখনো থামে না।
সময় ও মানুষের কথা বলা এক শিল্পী
The Right to Talk | https://righttotalk.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b6/