নীলফামারী: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আট মাসের অন্তঃসত্ত্বা এক ইপিজেড শ্রমিক।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের শালহাটি ক্যানেলপাড় এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নিহত মনিরা আক্তার (৩৫) নীলফামারী সদর উপজেলার শালহাটি লালপাড়া এলাকার আল আমিনের স্ত্রী। তিনি উত্তরা ইপিজেডের একজন শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে দেবর আব্দুর রহমান (২৮)-এর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মনিরা। পথে শালহাটি ক্যানেলপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তার দেবরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজ্জাত আলম জানান, মনিরা আক্তার ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ রাতেই তার দাফন সম্পন্ন হয়েছে। তার দেবর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নীলফামারী সদর থানার তদন্ত কর্মকর্তা সুমঙ্গল কুমার দাশ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
The post নীলফামারীতে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা ইপিজেড শ্রমিক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.