ব্রাজিলে ফুটবলপ্রেমীদের জন্য এক অনন্য মুহূর্ত তৈরি হয়েছে, যখন নেইমার জুনিয়র-এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি।
এই বিশেষ উদ্যোগের পেছনে ছিলেন বাংলাদেশি ফটোসাংবাদিক শাহনুর রুমেন। বর্তমানে তিনি ব্রাজিলের ক্লাব কোরিন্থিয়ানস-এর সঙ্গে কাজ করছেন, আর সেখান থেকেই এমন ব্যতিক্রমী মুহূর্তের সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, হাসিমুখে রুমেনের কাছ থেকে বাংলাদেশের জার্সি গ্রহণ করছেন নেইমার। মুহূর্তটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায় এবং বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে। অনেকেই এটিকে বাংলাদেশ ও ব্রাজিলের ফুটবল সংস্কৃতির এক আবেগঘন সেতুবন্ধন হিসেবে দেখছেন।
শাহনুর রুমেন দীর্ঘদিন ধরে ব্রাজিলে অবস্থান করে ফুটবল কাভার করছেন। স্থানীয় লিগ থেকে আন্তর্জাতিক পর্যায়—সবখানেই তার কাজের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় তিনি বিশ্বখ্যাত এই ফুটবলারের হাতে বাংলাদেশের জার্সি তুলে দেওয়ার সুযোগ পান।
অন্যদিকে, ইনজুরি কাটিয়ে বর্তমানে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নেইমার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় তার ক্লাব ভবিষ্যৎ ও জাতীয় দলে জায়গা পাওয়া নিয়েও চলছে নানা আলোচনা।




