LATEST
স্পেলিং স্টার: টপ এইট থেকে কারা সুপার সেভেনে বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছবিতে শেখ হাসিনার মা খালেদা জিয়া! স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না: নির্বাচন কমিশনার সানাউল্লাহ সরকার গঠনের সংকট কাটাতে দুই প্রতিদ্বন্দ্বীর বৈঠক চাঁদপুরে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচি পণ্যের সহজলভ্যতা বাড়াতে স্যামসাংয়ের অংশীদার হলো এসইবিএল ৪৬তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪১৬ জন
Districts News Updates

নোয়াখালীতে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেফতার ৫

নোয়াখালীতে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেফতার ৫

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে তাদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইন উদ্দিন (৩৭), সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছায়েদ (২৯), চরফকিরা ৪ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগকর্মী সাইফ উদ্দিন পলাশ (১৯), একই এলাকার কামরুজ্জামান (২০) ও ইমাম হোসেন (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভূঞা সড়কে ৩-৪ জন নেতাকর্মী এসে আগুন জ্বালিয়ে এবং গাছ ফেলে কিছুক্ষণ অবস্থান করেন। পরে ভোররাতে বসুরহাট-চৌধুরীহাট সড়কে একটি বড় গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে সকালে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিরা যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। তাদের গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

The post নোয়াখালীতে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেফতার ৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news