যে ছেলেটা আগের পর্বে বলেছিল, ‘ফেইলিওর ইজ দ্য ফার্স্ট স্টেপ অব সাকসেস’, সেই সবসময় হাসিখুশি সামিন ইয়াসের এবার ‘স্পেলিং স্টার’ থেকে বাদ পড়ে গেল। সামিনের বিদায়ে মন খারাপ হয়েছে অন্য প্রতিযোগীদেরও। কষ্টটা সামিনের নিজেরও কম ছিল না। তবে সেই কষ্ট চেপে রেখেই বাদ পড়ার পর যে কথা বলেছে, তাতে আবারও মুগ্ধ হয়েছে সবাই। ‘খুব ভালো লেগেছিল। এখন এ পর্যন্ত আসতে পেরেছি, এটাই অনেক।’ বাদ পড়ার পর সামিনের এমন সরল ও ইতিবাচক কথাই যেন আরও একবার মন কেড়ে নিয়েছে সবার। রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’-এর টপ এইটের দ্বিতীয় রাউন্ড। এই পর্ব শেষে সুপার সেভেনে জায়গা করে নিয়েছে সাত প্রতিযোগী। তারা হলো: শাহরিয়ার হোসাইন সাইফ, ওয়াসিফ আবদুল্লাহ আবির, ইসরাত জাহান মিথিলা, সাইফান শাকির, ওয়াসফিয়া ওসমান, সাবরিন জাহান ইফা ও অলকেশ মিত্র। এই সাত প্রতিযোগীকে নিয়ে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার পরবর্তী পর্ব। শিশুদের ইংরেজি বানান ও ভাষার দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতা ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’-এর প্রথম সিজন চলছে। দেশের বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতাটি প্রতি সপ্তাহের শুক্র ও রোববার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সামান্থা ইসলাম। প্রনাউন্সার হিসেবে রয়েছেন রায়তা রউফ, নুসায়ের আন্দালিব ও ফাতিমা ইমরান। গত আগস্টে সারা দেশে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্ব। সেখান থেকে বিভাগীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয় ৪০০ শিক্ষার্থী। দেশের আট বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় ১০০ জন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন তিন লাখ টাকা, প্রথম রানারআপ দুই লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবেন এক লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে। এ ছাড়া সেরা দশে স্থান পাওয়া প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে একটি করে ল্যাপটপ।
স্পেলিং স্টার: টপ এইট থেকে কারা সুপার সেভেনে
The Right to Talk | https://righttotalk.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%aa-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/