নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অপবাদে ৭৫ বছরের এক মানসিকভাবে অসুস্থ বৃদ্ধকে মারধর করে কোমরে শিকল বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনার একটি ভিডিও সোমবার (১৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে; যা দেখে নেটিজেনরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন।
এর আগে বিকেলে উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বৃদ্ধের নাম রুহুল আমিন। তিনি হতদরিদ্র এবং মানসিকভাবে অসুস্থ।
অভিযোগ রয়েছে, সোমবার প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ছড়া কলা নেন রুহুল আমিন। এ ঘটনায় কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। পরে তার কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করে গলায় ওই কলা ও সুপারি ঝুলিয়ে গ্রামে ঘোরানো হয়। এ ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, ‘রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ। তিনি হতদরিদ্র। মাঝেমধ্যে মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। সামান্য অপরাধে তার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে সেটা ঠিক হয়নি।’
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, ‘বৃদ্ধকে গলায় কলা-সুপারি ঝুলিয়ে ঘোরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
The post পিরোজপুরে ৭৫ বছরের বৃদ্ধের কোমরে শিকল বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.