কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আবারও তাবেদারি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। দেশে-বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত এই গোষ্ঠী আবারও দেশ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, পতিত ও পরাজিত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে এখন প্রয়োজন দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তির ঐক্য। ২০২৪ সালের মতো সবাইকে আবারও এক মঞ্চে দাঁড়াতে হবে।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশকে আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। পতিত ফ্যাসিস্ট দলকে আর কখনো মাথা তুলে দাঁড়াতে দেবে না জনগণ।
এদিকে সংসদে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, কয়েক দিন আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে কর্মী পাঠানোর জটিলতা সমাধান করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, সম্পূর্ণ বিনা খরচে যাওয়ার ক্ষেত্রে সামান্য কিছু বিষয় ছাড়া প্রায় ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে।
রাজধানীর যানজট নিয়ন্ত্রণে ঢাকা শহরের ৫০টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল স্থাপনের কাজ চলছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যে নতুন ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয়েছে। তবে সেগুলো এখনো কার্যক্রম শুরু করেনি। আগামী দুই মাসের মধ্যে সিগন্যালগুলো চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এসব সিগন্যাল চালু হলে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত হবে এবং যানজট পরিস্থিতিরও উন্নতি হবে বলে তাঁর বিশ্বাস।
The post ২০২৪ সালের মতো সবাইকে আবারও এক মঞ্চে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী appeared first on ZoomBangla.