LATEST
All Whites v India: Bill Tuiloma shares 50th cap celebrations with family in stands মা-বাবাসহ পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা করলেন এমপি নুসরাত জলবায়ু পরিবর্তন প্রতিরোধে ঋণ নয়, অনুদানভিত্তিক অর্থায়ন চেয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী রাতের আঁধারে বাংলাদেশ ব্যাংকের সামনে ভয়াবহ ককটেল বিস্ফোরণ প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয় হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভারত সংলাপ আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ বন্ডের অপব্যবহার ও ঘোষণা বহির্ভূত পোশাক রপ্তানি: চট্টগ্রাম কাস্টমসের অভিযানে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন!
Top News

প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়

প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়

বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশে আইন আছে, সরকারি-বেসরকারি নানা উদ্যোগও রয়েছে। সচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা চলছে। কিন্তু বাস্তবতা হলো এসব উদ্যোগের পরও বাল্যবিবাহের প্রবণতা থামানো যাচ্ছে না। ৯ মাসে সাতক্ষীরায় ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করার তথ্য জানিয়েছে প্রশাসন। এক দশক আগে ঘটা করে কালীগঞ্জকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছিল। অথচ সেই উপজেলাতেই গত ছয় মাসে ১১টি বাল্যবিবাহ প্রতিরোধ করতে হয়েছে। এর বাইরে কতটি বাল্যবিবাহ সংঘটিত হয়েছে, তার হিসাবও নেই। এ চিত্র শুধু একটি উপজেলার নয়, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সামগ্রিক উদ্যোগের দুর্বলতাও তুলে ধরে।

প্রথম আলোর খবর জানাচ্ছে, জানাজানি হলে প্রশাসন বাধা দিতে পারে, এমন আশঙ্কায় গোপনে বাল্যবিবাহের আয়োজন করে থাকেন অভিভাবকেরা। বিয়ের পর মেয়েকে শ্বশুরবাড়ি না পাঠিয়ে কিছুদিন পর পাঠানো হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের সর্বশেষ জরিপ বলছে, দেশে বাল্যবিবাহের হার কিছুটা কমার চিত্র পাওয়া গেছে। ২০১৯ সালে ২০-২৪ বছর বয়সী নারীদের মধ্যে ১৮ বছরের আগে বিয়ের হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ, ২০২৫ সালে তা কমে ৪৭ দশমিক ২ শতাংশ হয়েছে। কিন্তু এই অগ্রগতিতে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। কেননা এখনো দেশের প্রায় অর্ধেক মেয়ের বিয়ে হচ্ছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে।

বাল্যবিবাহ একটি মেয়ের শৈশব, শিক্ষা ও সম্ভাবনাকে কেড়ে নেয়। অল্প বয়সে গর্ভধারণ মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। প্রসবজনিত জটিলতা, মাতৃমৃত্যু ও অপুষ্টির ঝুঁকিও তৈরি হয়। অপ্রাপ্তবয়স্ক মেয়েরা সংসারের দায়িত্ব নিতে গিয়ে শিক্ষা থেকে ঝরে পড়ে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ হারায়। অনেক ক্ষেত্রে নির্যাতন ও বৈষম্যের শিকার হয়। অর্থাৎ বাল্যবিবাহ শুধু একটি মেয়ের জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, দারিদ্র্য ও অসমতার চক্রকেও দীর্ঘস্থায়ী করে। দেশের মানবসম্পদ উন্নয়ন ও নারীর সমান অধিকার প্রতিষ্ঠার স্বার্থেও বাল্যবিবাহ প্রতিরোধ জরুরি।

প্রথম আলোর প্রতিবেদনে বাল্যবিবাহের পেছনে মেয়েদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের উদ্বেগ, প্রেমের সম্পর্ক, আর্থিক অসচ্ছলতা ও সামাজিক চাপের কথা উঠে এসেছে। এসব কারণ উপেক্ষা করে শুধু অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া কিংবা জরিমানা করে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। একই সঙ্গে বিয়ের আয়োজনের সঙ্গে যুক্ত মধ্যস্থতাকারী, ভুয়া নিকাহ রেজিস্ট্রার ও অসাধু কাজিদেরও আইনের আওতায় আনতে হবে। আমরা মনে করি, জন্মনিবন্ধন যাচাই ছাড়া বিয়ের নিবন্ধন বন্ধ করতে হবে।

একই সঙ্গে বিদ্যালয় ও মাদ্রাসাভিত্তিক নজরদারি জোরদার করা জরুরি। কোনো ছাত্রী হঠাৎ অনুপস্থিত হলে তার কারণ অনুসন্ধান করতে হবে। বাল্যবিবাহপ্রবণ এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, নারী সংগঠন ও প্রশাসনের সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গড়ে তোলা জরুরি। একই সঙ্গে মেয়েদের শিক্ষা, বৃত্তি, কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। অভিভাবকদের অর্থনৈতিক দুশ্চিন্তা দূর করাও জরুরি।

শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, বাল্যবিবাহ বন্ধে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ।

More in Top News

View all

Latest news