বনশ্রীতে ডাকাতির মিথ্যা তথ্যে ডিবির বিশাল অভিযান, তথ্যদাতাই গ্রেফতার – DesheBideshe

বনশ্রীতে ডাকাতির মিথ্যা তথ্যে ডিবির বিশাল অভিযান, তথ্যদাতাই গ্রেফতার – DesheBideshe


ঢাকা, ২৩ আগস্ট – রাজধানীর বনশ্রী এলাকায় ডাকাতির সংবাদের ভিত্তিতে একটি বাড়ি ঘিরে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে বনশ্রীর সি-ব্লকের ২ নম্বর সড়কে প্রায় অর্ধশত সদস্যের একটি দল এই অভিযানে অংশ নেয়। অভিযানের সময় সড়কের দুই পাশে চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং সন্দেহভাজনদের পালানোর পথ আটকাতে গলির মুখে বালুভর্তি ট্রাক রাখা হয়।

প্রায় এক ঘণ্টা ধরে ওই বাড়িতে তল্লাশি চালানো হলেও ডাকাতি বা কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত যে ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে এই বড় অভিযান পরিচালিত হয়েছিল পুলিশ তাকেই সন্দেহভাজন হিসেবে আটক করেছে।

ডিবি জানায় ডিবির মতিঝিল বিভাগ বেলা পৌনে একটার দিকে বাড়িটি ঘিরে ফেলে এবং সোয়া দুইটা পর্যন্ত অভিযান চালায়। গোয়েন্দা কর্মকর্তাদের মতে তথ্যদাতা নিজেও একজন কুখ্যাত অপরাধী এবং তার বিরুদ্ধে অন্তত সাত থেকে আটটি ডাকাতির মামলা রয়েছে। ভুল তথ্য দিয়ে কেন তিনি পুলিশকে বিভ্রান্ত করলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান জানান অভিযানের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং পুলিশকে একজনকে হাতকড়া পরা অবস্থায় জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।

ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলেও সেখানে কিছু পাওয়া যায়নি। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে।

এনএন/ ২৩ আগস্ট ২০২৬