বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে মার্কিন বিনিয়োগ চান শিল্পমন্ত্রী – DesheBideshe

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে মার্কিন বিনিয়োগ চান শিল্পমন্ত্রী – DesheBideshe


বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে মার্কিন বিনিয়োগ চান শিল্পমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ১২ আগস্ট – বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আরও বড় আকারের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বৈঠকে বাংলাদেশে মার্কিন কোম্পানিগুলোর ব্যবসায়িক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনের বাণিজ্য নীতি, ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স প্রসারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিল্পমন্ত্রী জানান, পাট, চামড়া, জাহাজ নির্মাণ ও জাহাজ রিসাইক্লিং খাতকে মাল্টি-বিলিয়ন ডলারের রপ্তানি খাতে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। এসব পরিকল্পনা আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়েও আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন।

ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও ব্যাংকিং খাতে উদারীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে আইটি কোম্পানি ও ফ্রিল্যান্সারদের পেমেন্ট গেটওয়ে ব্যবহারের সুবিধা আরও বাড়বে।

ট্রেড লাইসেন্স নিয়ে জটিলতা নিরসনে মন্ত্রী বলেন, একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সারা দেশে ট্রেড লাইসেন্সের আবেদন করার ব্যবস্থা করা হবে। অনলাইনে ফি জমা দিয়ে ঘরে বসেই লাইসেন্স ডাউনলোড করা সম্ভব হবে। সরকার ইজ অব ডুয়িং বিজনেসে এগিয়ে যেতে সব ধরনের অপ্রয়োজনীয় জটিলতা ও ওভারল্যাপিং সরিয়ে ফেলার কাজ করছে।

সরকারি সেবাকে ডিজিটাল করার মাধ্যমে বিনিয়োগকারীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম চলছে।

এনএন/ ১২ আগস্ট ২০২৬