LATEST
Jim Pender gets Counties Cup revenge as Gigi wins photo finish at Pukekohe দেশের স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই- এমপি মানিক বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী অপরাধীদের ছাড় নয়, আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা: আইনমন্ত্রী ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা: ২৮ মোটরসাইকেল ভাঙচুর-অগ্নিসংযোগ
Top News

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্যে নারাজ জয়সোয়াল

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্যে নারাজ জয়সোয়াল

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো রকম মন্তব্য করলেন না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা দেশের বিভিন্ন জেলায় যে বিক্ষোভ ও সহিংসতা করছেন এবং বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য ঘিরে করা প্রশ্নে কিছু বলেননি তিনি। আজ শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ বিষয়ে জয়সোয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তাঁর কিছু বলার নেই।

তবে জয়সোয়াল বলেছেন, প্রতিবেশী এই দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের ভূমিকা অপরিবর্তিতই আছে। ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করে এসেছে। সেই সম্পর্ক যার সঙ্গে জড়িয়ে রয়েছে দুই দেশের অভিন্ন ইতিহাস, অভিন্ন সাংস্কৃতিক বন্ধন ও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা ঘিরে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপসহ নাশকতার বিভিন্ন ঘটনা ঘটছে।

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার লালমনিরহাটে জনসভায় বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। এ সময় আওয়ামী লীগের নাম উল্লেখ না করে দলটির নেতাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ প্রসঙ্গ তুলে বিষয়টি নিয়ে ভারত সরকারের মনোভাব জানতে চান একজন সাংবাদিক। জবাবে প্রশ্নকারীর উদ্দেশে জয়সোয়াল বলেন, ‘আপনি সে দেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্যের প্রসঙ্গ তুলেছিলেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমার কিছু বলার নেই।’

ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নতুন কোনো খবর আছে কি না জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন, তেমন কিছু তাঁর জানা নেই।

ব্রিফিংয়ে গঙ্গার পানিচুক্তির ভবিষ্যৎ নিয়েও একাধিক প্রশ্ন করা হয়। আগামী ১২ ডিসেম্বর ওই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এক সাংবাদিক জানতে চান, এই চুক্তি যাতে নবায়ন না হয়, সে জন্য অনেক মহল থেকে অনেক ধরনের দাবি তোলা হয়েছে। চুক্তি নবায়নের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে কি? আরেক সাংবাদিক জানতে চান, এই মুহূর্তে দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে যোগ দিতে ভারতের একটি প্রতিনিধিদল ঢাকায় গেছে। তারা সেখানে যে আলোচনা করবে, তা টেকনিক্যাল পর্যায়ের নাকি সেই বৈঠকে কাজের কিছু হবে? আরেক সাংবাদিক জানতে চান, যে চুক্তিতে দুই দেশের প্রধানমন্ত্রী সই করেছিলেন, তা নিচুপর্যায়ের কর্মকর্তাদের সম্মতিতে নবায়ন হতে পারে কি না। অর্থাৎ দুই দেশের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে গঙ্গা পানিচুক্তি নবায়ন করা যায় কি না।

জয়সোয়াল এসব প্রশ্নেরও কোনো বিশদ জবাব দেননি। তিনি বলেন, গঙ্গাসহ দুই দেশের মধ্যে প্রবাহিত সব অভিন্ন নদীর পানিসম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের অধিকারী জেআরসি। ওটাই প্রতিষ্ঠিত কাঠামোগত ব্যবস্থা। এ কথা বলার সঙ্গে সঙ্গে ভারতের আগ্রহ ও চাহিদার কথা তুলে ধরে জয়সোয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত সব সময় ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করে এসেছে। তিনি জানান, ঢাকায় জেআরসির বৈঠকটির চরিত্র কী, তা তাঁর জানা নেই।

More in Top News

View all

Latest news