LATEST
Jim Pender gets Counties Cup revenge as Gigi wins photo finish at Pukekohe দেশের স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই- এমপি মানিক বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী অপরাধীদের ছাড় নয়, আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা: আইনমন্ত্রী ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা: ২৮ মোটরসাইকেল ভাঙচুর-অগ্নিসংযোগ
Top News

যুক্তরাষ্ট্রে ৫১ হাজার ডলার প্রতারণার ঘটনায় বাংলাদেশি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ৫১ হাজার ডলার প্রতারণার ঘটনায় বাংলাদেশি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে সরকারি কর্মকর্তা পরিচয়ে এক প্রবীণ ব্যক্তির কাছ থেকে ৫১ হাজার ডলার প্রতারণার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি নাগরিক আবু সালেহ (৪৭)। গত ৩০ সেপ্টেম্বর টেনেসি অঙ্গরাজ্যের ক্রসভিলে পুলিশের সাজানো ফাঁদে ধরা পড়েন আটলান্টার এই বাসিন্দা। তদন্তকারীদের অভিযোগ, প্রতারকদের কথায় এর আগেই দুই দফায় টাকা দিয়েছিলেন ওই প্রবীণ ব্যক্তি। এরপর আরও ১৪ হাজার ডলার চাওয়া হলে তাঁকে সঙ্গে নিয়ে অভিযানের পরিকল্পনা করে পুলিশ। একটি রেস্তোরাঁর গাড়ি রাখার জায়গায় সেই অর্থ রয়েছে ভেবে সাজানো প্যাকেট সংগ্রহ করতে আসেন সালেহ। প্যাকেটটি হাতে নেওয়ার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সূত্রপাত একটি টেলিফোন কল থেকে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা পরিচয় দেন। ওই প্রবীণ ব্যক্তিকে বলা হয়, তাঁর সামাজিক নিরাপত্তা নম্বরের তথ্য অন্যের হাতে চলে গেছে। কম্পিউটারেও ঢুকে পড়েছে হ্যাকাররা। এমনকি তাঁর ব্যাংকের একজন কর্মীও নাকি গোপনে তাদের সহযোগিতা করছেন।

ভয় দেখানোর পর দেওয়া হয় টাকা রক্ষার উপায়। তাঁকে বলা হয় নতুন একটি ল্যাপটপ কিনতে এবং দূর থেকে সেটি ব্যবহারের অনুমতি দিতে। এরপর ব্যাংক থেকে নগদ অর্থ তুলে তাঁদের পাঠানো একজন লোকের হাতে দিতে হবে। নতুন একটি নিরাপদ ব্যাংক হিসাব খোলা পর্যন্ত সেই টাকা তাঁদের হেফাজতে থাকবে। সরকারি সংস্থার কর্মকর্তা ভেবে ফোনের অপর প্রান্তের ব্যক্তির নির্দেশনা অনুসরণ করতে থাকেন ওই প্রবীণ।

তদন্তকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বর টেনেসির ক্লিভল্যান্ড শহরের একটি ওয়ালমার্টে টাকা সংগ্রহ করতে আসা এক ব্যক্তির হাতে ২৪ হাজার ডলারের প্যাকেট তুলে দেন তিনি। পরদিন ক্রসভিলের একটি মোটেলে দেওয়া হয় আরও ২৭ হাজার ডলার। তাঁর বিশ্বাস ছিল, নিজের অর্থ নিরাপদে রাখতেই এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিন্তু এরপরও টাকা চাওয়া বন্ধ হয়নি। আরও অর্থ দেওয়ার নির্দেশ এলে বিষয়টি পৌঁছায় কাম্বারল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয়ে। ২৮ সেপ্টেম্বর তদন্ত শুরু করেন কর্মকর্তারা। প্রতারকদের পরবর্তী অর্থ সংগ্রহের আয়োজনটিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন তাঁরা। অভিযানে সহযোগিতা করে টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশনের সাইবার অপরাধ বিভাগ। অর্থ হস্তান্তরের জন্য বেছে নেওয়া হয় ক্রসভিলের পিভাইন রোডের একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁর গাড়ি রাখার জায়গা।

সেখান থেকে সালেহকে গ্রেপ্তারের পর তাঁর পরিচয় ও অন্য কোথাও একই ধরনের ঘটনায় সংশ্লিষ্টতার তথ্য খতিয়ে দেখেন তদন্তকারীরা। আটকসংক্রান্ত নথিতে তাঁর জন্মস্থান ও নাগরিকত্ব বাংলাদেশ বলে উল্লেখ রয়েছে। তদন্তকারীরা জানতে পারেন, জর্জিয়ার আটলান্টায়ও আরেকটি সন্দেহজনক নগদ অর্থ সংগ্রহের ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সালেহর বিরুদ্ধে ১০ হাজার ডলারের বেশি মূল্যের সম্পদ চুরি, একই পরিমাণ সম্পদ চুরির চেষ্টা এবং প্রবীণ ব্যক্তিকে আর্থিকভাবে শোষণের অভিযোগ আনা হয়। এসব অভিযোগে পৃথক বন্ডের অঙ্ক নির্ধারিত হয় যথাক্রমে তিন লাখ, দেড় লাখ ও দুই লাখ ডলার। জর্জিয়ার গ্রেপ্তারি পরোয়ানাসংক্রান্ত অভিযোগে নথিভুক্ত হয় আরও ২০ লাখ ডলারের বন্ড। সব মিলিয়ে বন্ডের পরিমাণ দাঁড়ায় ২৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

গ্রেপ্তারের পর সালেহকে কাম্বারল্যান্ড কাউন্টি কারাগারে নেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইকে বিষয়টি জানানো হয়। প্রকাশিত আটকসংক্রান্ত নথি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর জর্জিয়ার পরোয়ানাসংক্রান্ত হোল্ড এবং পরদিন আইসিইর হোল্ড যুক্ত হয় তাঁর নামে।

এই ঘটনায় সরকারি পরিচয় ব্যবহারের পাশাপাশি ভুক্তভোগীর ব্যাংকের ওপর আস্থাও নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। ব্যাংকের কর্মী হ্যাকারদের সহযোগী, এমন দাবি বিশ্বাস করিয়ে তাঁকে নগদ অর্থ তুলে দিতে রাজি করানো হয়। ফলে যে টাকা বাঁচাতে তিনি নির্দেশনা অনুসরণ করছিলেন, সেই টাকাই চলে যায় প্রতারকদের হাতে।

কাম্বারল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় বাসিন্দাদের সতর্ক করে বলেছে, অর্থ রক্ষার কথা বলে কেউ ব্যাংক থেকে টাকা তুলতে, কোনো ব্যক্তির হাতে নগদ অর্থ দিতে কিংবা দূর থেকে কম্পিউটার ব্যবহারের অনুমতি দিতে বললে সেই ফোনালাপ বন্ধ করতে হবে। সংশ্লিষ্ট ব্যাংক বা সরকারি সংস্থার নম্বর নিজে সংগ্রহ করে যোগাযোগ করতে হবে। সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে দ্রুত জানাতে হবে পুলিশকে।

তথ্যসূত্র: Cumberland County Sheriff’s Office

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::যুক্তরাষ্ট্রে ৫১ হাজার ডলার প্রতারণার ঘটনায় বাংলাদেশি গ্রেপ্তার first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news