ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষে এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার শরীলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পবিত্র কুমার দাস (২২) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মোকসেদপুর গ্রামের শুকলাল দাসের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে একটি ট্রাক উলটো পথে আসায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি বাস এসে ট্রাককে ধাক্কা দিলে ট্রাকটি উলটে যায় এবং ঘটনাস্থলে একজন নিহত ও চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ‘খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।’
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ ইসলাম বলেন, ‘ঘটনার পর গাড়িগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
The post ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.