ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত | চ্যানেল আই অনলাইন

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত | চ্যানেল আই অনলাইন

ভারতের মহারাষ্ট্রের পুনের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি। বিমানটিরও সামান্য ক্ষতি হয়েছে।

রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে বিমানবন্দর সীমানার ভেতরে রানওয়ে থেকে কিছুটা দূরে দুর্ঘটনাটি ঘটে। জরুরি অবতরণের চেষ্টা করার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সন্দীপ সিং গিল বলেছেন “বারামতি বিমানবন্দরে প্রশিক্ষণ মহড়ার সময় ভিটি-এসইএক্স নামের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানটিতে ক্যাপ্টেন চিরাগ শশীকান্ত দোইফোদে এবং ক্যাডেট অভিজিৎ জুন্দ্রে ছিলেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “বিমানটি প্রথমে লিঙ্ক ব্রাভো দিয়ে রানওয়েতে প্রবেশ করে। এরপর ২৯ নম্বর রানওয়ের প্রান্তে সারিবদ্ধ হয় এবং উড্ডয়নের চেষ্টা বাতিল করে। এরপর বিমানটিকে ১১ নম্বর রানওয়ের প্রান্তে সারিবদ্ধ করা হয়, যেখানে আরও একবার উড্ডয়নের চেষ্টা বাতিল করা হয়। এই মহড়া চলাকালীন বিমানটিকে রানওয়েতে পুরোপুরি থামানো যায়নি এবং এটি রানওয়ে ২৯-এর প্রান্তসীমা অতিক্রম করে চলে যায়। পরবর্তীতে, এটি রানওয়ে ২৯-এর শেষসীমার বাইরে ডানদিকের বর্ধিত একটি জায়গায় ছিটকে পড়ে।”

এর আগে গত ২৮ জানুয়ারি বারামতি বিমানবন্দরের কাছে একটি লিয়ারজেট ৪৫ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের তৎকালীন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হন। ওই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা দেহরক্ষী, সহকারী এবং দুই ককপিট ক্রুও নিহত হন।

ওই দুর্ঘটনার তদন্ত করছে ভারতের এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। তদন্ত শেষে আগামী বছরের জানুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এদিকে চলতি বছরের ১৩ মে বারামতির কাছে আরেকটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। গোজুবাভি গ্রামের কাছে অবতরণের সময় বিমানটির একটি অংশ বিদ্যুতের খুঁটিতে আঘাত করলে সেটি বিধ্বস্ত হয়। তবে ওই ঘটনায় পাইলট নিরাপদে ছিলেন।