<![CDATA[
কিশোরগঞ্জের ভৈরব থানার পাশে ঢাকা-সিলেট মহাসড়কে একটি প্রাইভেটকার থেকে বিভিন্ন ব্রান্ডের ২৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। এ সময় প্রাইভেটকার চালক মাসুম আহমেদ ও হেলপার শরিফকে মদ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়। জব্দ করা হয়েছে প্রাইভেটকারও।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা আড়াই টার দিকে ভৈরব থানার পৌর পার্কের সামনে থেকে এ সব মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। চালক ও হেলপারকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার দুজনই সিলেটের জকিগঞ্জের বাসিন্দা।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকায় বিপুল পরিমাণ বিদেশি মদ পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার পৌর পার্কের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে ভৈরব থানা পুলিশ। বেলা আড়াইটার দিকে সাদা রঙয়ের একটি প্রাইভেটকার দ্রুত চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা চালালে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করে। এ সময় প্রাইভেটকারে থাকা ৪টি ট্র্যাভেলব্যাগ থেকে বিভিন্ন ব্রান্ডের ২৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশের করা মামলায় গাড়ির চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা মদ সিলেট থেকে ভৈরবের একটি রিসোর্টে যাচ্ছিল বলে জানান গাড়ির চালক মাসুদ।
আরও পড়ুন: নেত্রকোনায় ভারতীয় মদসহ ৩ জন আটক
ভৈরব থানার পরিদর্শক শাহ আলম মোল্লা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার থেকে বিভিন্ন ব্রান্ডের ২৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার ও পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে দুজনকে আসামি করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। তদন্তে অন্য কারো নাম বেরিয়ে এলে তাদেরও আসামি কারা হবে।’
]]>