LATEST
সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম বরিশালে আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল Russia fires cruise missile into Poland during British troop drills All Blacks v England: Where the Twickenham test will be won – Analysis Sex and menopause: Morgan Penn on changes to women’s libido – The Little Things ৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির ভিসা সেন্টারে আবেদন না করার আহ্বান
Top News

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে

পড়ন্ত বিকেল। বগুড়া মহানগরীর ফুলবাড়ি সুবিল সেতু-সংলগ্ন ব্যস্ত সড়ক। যানবাহনের ভিড়, মানুষের চলাচল আর নগরের চেনা কোলাহলের মধ্যে হঠাৎ চোখে পড়ে একটি দৃশ্য। রাস্তা দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে দুটি মহিষ। গলায় রঙিন কাগজের মালা। সামনে দড়ি ধরে হাঁটছেন একজন রাখাল। তাঁর পেছনে ইজিবাইকে এগোচ্ছে ব্যান্ড পার্টি। বাজিয়ে চলেছে বাদ্যযন্ত্র।

মাঝেমধ্যে মাইকে ভেসে আসছে ঘোষকের কণ্ঠ,  ‘জি ভাই, ফতেহ আলী বাজারের উজ্জ্বল মাংস ঘরে আগামীকাল শুক্রবারের আকর্ষণ—জবাই হবে নাদুসনুদুস দুটি মহিষ। মাংস তো নয় যেন একেবারে বাতাসা! মহিষের মাংস কেনার কথা যাঁরা ভাবছেন, শুক্রবার সকাল সকাল চলে আসুন ফতেহ আলী বাজারের উজ্জ্বল মাংস ঘরে। প্রতি কেজি মাত্র ৮০০ টাকা।’

মাইকে একের পর এক এমন ঘোষণা এবং ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে প্রচারণায় যোগ হয়েছে নতুনমাত্রা। পথচারীদের কেউ কেউ ফিরে তাকাচ্ছেন, কেউ মহিষের দাম জিজ্ঞাসা করছেন।

মাংস বিক্রি ঘিরে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আয়োজনের কমতি নেই; কিন্তু এই প্রচারণার প্রধান আকর্ষণ মহিষ দুটির দিকে তাকালে অন্য এক ছবি চোখে পড়ে। দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত প্রাণী দুটি হাঁসফাঁস করছে। মুখ দিয়ে ঝরছে ফেনা।

আজ বৃহস্পতিবার বিকেলে ফতেহ আলী বাজার থেকে সাতমাথা হয়ে মাটিডালি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ হাঁটিয়ে নেওয়া হয় মহিষ দুটিকে। উদ্দেশ্য—আগামীকাল শুক্রবার ফতেহ আলী বাজারে একটি মাংসের দোকানে সেগুলো জবাই করা হবে, এ খবর যত বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। প্রচারণা শেষে আবার ফতেহ আলী বাজারে নিতে পাঁচ কিলোমিটার পথ হাঁটানো হয় মহিষ দুটিকে। এভাবে জবাই করার কয়েক ঘণ্টা আগে মহিষ দুটিকে প্রায় ১০ কিলোমিটার পথ হাঁটিয়ে নেওয়া হয়।

জানা গেছে, বগুড়া মহানগরীর ফতেহ আলী বাজারের ‘উজ্জ্বল মাংস ঘর’ নামের দোকানে শুক্রবার মহিষ দুটি জবাই করার কথা। মহিষ দুটির মোট ওজন প্রায় ১৬ মণ। প্রতি কেজি মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। দোকানটির মালিক উজ্জ্বল আকন্দ জয়পুরহাটের পাঁচবিবি হাট থেকে ৫ লাখ ৫০ হাজার টাকায় মহিষ দুটি কিনেছেন বলে জানান।

মো. রায়হান, প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া সদর উপজেলা২০১৯ সালের প্রাণীকল্যাণ আইন অনুযায়ী প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কোনো মাংস ব্যবসায়ী জড়িত থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনি ব্যবস্থা নিতে পারে।

মহিষের মাংস বিক্রি ঘিরে এমন আয়োজনের বিষয়ে জানতে চাইলে উজ্জ্বল আকন্দ বলেন, ‘এখন ক্রেতারা সবকিছু সরাসরি দেখতে চান। শুধু মাইকিং করে মাংস বিক্রির ঘোষণা দিলে আগের মতো মানুষের মনোযোগ পাওয়া যায় না। এ কারণে জীবন্ত মহিষ দুটি কাগজ ও জরির মালা দিয়ে সাজিয়ে ব্যান্ড পার্টি ভাড়া করে নগরজুড়ে প্রচারণা চালানো হয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতেই এই আয়োজন।’

উজ্জ্বল আকন্দ আরও বলেন, প্রতি মাসে দুইবার ফতেহ আলী বাজারে মহিষ জবাই করা হয়। জবাইয়ের আগে এভাবে ক্রেতাদের আকৃষ্ট করতে প্রচারণা চালানো হয়।
তবে ব্যবসায়িক প্রচারণার এই আয়োজনকে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, যে প্রাণীকে কিছু সময় পর জবাই করা হবে, তাকে তার আগেই দীর্ঘ পথ হাঁটিয়ে শহর ঘোরানো অমানবিক।

বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা ও শিক্ষক আবদুল ওয়ারেসের চোখেও বিষয়টি অমানবিক মনে হয়েছে। তিনি বলেন, জবাই করার আগে নিরীহ প্রাণীকে এভাবে রঙিন মালা পরিয়ে দীর্ঘ পথ হাঁটিয়ে নিয়ে বেড়ানো, সঙ্গে ব্যান্ড পার্টি বাজিয়ে মাংস বিক্রির প্রচারণা চালানো প্রাণীর প্রতি চরম নিষ্ঠুরতা। দীর্ঘ পথ হাঁটতে কষ্ট হওয়ায় মহিষ দুটি হাঁসফাঁস করছিল, মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া দরকার।

ক্রেতা আকর্ষণে ব্যান্ড পার্টি ভাড়া করে মহিষ দুটিকে প্রদর্শন করা হচ্ছে। সুবিল সেতু এলাকা, বগুড়া মহানগর, ১৯ নভেম্বর ২০২৬

খামারি তৌহিদ পারভেজ বলেন, মাংসের বাজারে ক্রেতা টানতে ব্যবসায়ীরা নানা কৌশল অবলম্বন করেন। মানুষের কাছে অভিনব এই আয়োজন হয়তো সাময়িক কৌতূহল তৈরি করেছে। কিন্তু তার মূল্য দিতে হয়েছে দুটি নিরীহ প্রাণীকে।

প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া কিংবা দীর্ঘ পথ হাঁটিয়ে ব্যবসায়িক প্রচারণায় ব্যবহার করার সুযোগ নেই বলে মনে করেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান প্রথম আলোকে বলেন, ধর্মীয় বিধান অনুযায়ী কোরবানির পশু জবাইয়ের আগে সাজানোতে অপরাধ নেই। তবে জবাইয়ের আগে কোনো পশুকে এতটা দীর্ঘ পথ হাঁটিয়ে নিয়ে ঘুরে মাংস বিক্রির ব্যবসায়িক প্রচারণা চালানো গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ২০১৯ সালের প্রাণী কল্যাণ আইন অনুযায়ী প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কোনো মাংস ব্যবসায়ী জড়িত থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনি ব্যবস্থা নিতে পারে।

More in Top News

View all

Latest news