LATEST
দেশি আদা-রসুনের দাম কম, তবু বিদেশি জাতের এত কদর কেন Colombian jailed for 20 years for fighting for Ukraine আইসিজের রায়ের ‘অনুপযুক্ত’ নির্দেশনা মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং সাবেক এমপি আনারের মেয়ে ডরিন রিমান্ডে ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী কনসার্ট মাতাতে ঢাকায় পপ তারকা ওটিলিয়া সমুদ্রপথ পাড়ি দিয়ে দুই মাসে আগে পৌঁছান ইতালিতে, সড়ক দুর্ঘটনায় নিহত UK says net immigration lowest since 1997 apart from Covid years
Top News

মায়ের একটি কথা সারা জীবন মেনেছেন সোহেল খান

মায়ের একটি কথা সারা জীবন মেনেছেন সোহেল খান
অভিনেতা সোহেল খান। ছবি: ফেসবুক থেকে

ঢাকার ধামরাইয়ে অভিনেতা সোহেল খানের বেড়ে ওঠা। সেখান থেকে এই অভিনেতা ঢাকায় এসে অভিনয় করেছেন। কথা বলেছেন নিজের ভাষায়, মায়ের শেখানো ভাষায়। দীর্ঘ ক্যারিয়ারে ছায়ার মতো এই অভিনেতার পাশে থেকেছে তাঁর মায়ের কথা। শুটিংয়েও নানাভাবে আসত তাঁর মায়ের স্মৃতি। সেগুলো প্রায়ই উঠে আসত তাঁর সাক্ষাৎকারে।

অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একটি সিনেমার শুটিং করতে বগুড়ায় গিয়েছিলেন এই অভিনেতা। গতকাল মঙ্গলবার সকালে হোটেলে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। হাসপাতালের দেওয়া সনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইকবালের পরিচালনায় নসিব সিনেমায় অভিনয় করতে ১৯ নভেম্বর থেকে তিনি বগুড়ায় ছিলেন। আজ বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল।

অভিনেতা সোহেল খানকে বেশির ভাগ ক্ষেত্রে আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা যেত। এই অভিনেতার কথা, ‘আমি নিজে যেভাবে কথা বলি। আমি সেভাবেই অভিনয় করি। রংচং মেখে অভিনয় করা আমার পছন্দ না। এসেছি, খেয়েছিস, কোথায় গিয়েছিস—এই ধরনের সংলাপ আমি ইচ্ছা করেই দিই না। আমার সঙ্গে যায় না। আমি নিজের মধ্যে সব সময় থাকতে চাই। মায়ের আঁচলের নিচ থেকে যে কথা শিখেছি, আমি সেটাই বলার চেষ্টা করি।’

শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

অভিনেতা সোহেল খান। ছবি: ফেসবুক থেকে

অভিনয়জীবনে এসে মায়ের সব কথাই মেনে চলেছেন। তাঁর মধ্যে একটি কথা সব সময় মেনে চলতেন। এই প্রসঙ্গে এই অভিনেতা একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমার মায়ের ধারণা ছিল কোনো ভদ্রলোক মাথার চুল বড় রাখে না। শৈশব থেকেই চুল আঁচড়িয়ে মা বলতেন চুল ছোট রাখতে। আমি সারা জীবন মাথার চুল ছোট রেখেছি। কোনো দিন আমার চুল বড় ছিল না। যাদের সঙ্গে কাজ করেছি, কেউ বলতে পারবে না সোহেল খারাপ। এগুলো পরিবার থেকে শিখেছি।’

‘একে একে সব ভিলেন মারা যাবে’, শেষ দৃশ্যের আগেই বিদায় নিলেন সোহেল খানহুমায়ূন আহমেদের তিরস্কার বদলে দিয়েছিল সোহেল খানের জীবন

কীভাবে অভিনয় শুরু
অনেকেই মনে করেন এই অভিনেতার অভিনয়ের শুরু মোস্তফা সরয়ার ফারুকীর বিজ্ঞাপন দিয়ে। তথ্যটি সত্য নয়। তিনি এর আগেই ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। ‘ডিটেকটিভ’, ‘একান্নবর্তী’ নাটকে তাঁকে দেখা গেছে। তবে সোহেল খানের ক্যারিয়ারের উত্থান হয় বিজ্ঞাপনটি দিয়ে। সেই বিজ্ঞাপনের সংলাপ ‘ওরে কত কথা বলে রে’ ভাইরাল হয়। দর্শকদের মুখে মুখে ছিল সংলাপটি। পরে তিনি ধারাবাহিক নাটক ‘৪২০’, ‘মাইক’, ‘হাউসফুল’ দিয়ে জনপ্রিয়তা পান। এই অভিনয় থেকেই পেয়েছেন সেরা স্বীকৃতি। এই নিয়ে তিনি বলেছিলেন, ‘যখন মাছ কিনতে যাই বা একটি রিকশায় উঠি, তখন সেই লোকগুলো আমাকে চিনতে পারে, আমাকে অনুরোধ করে এক কাপ চা খাওয়ার। প্রতিদিন এমন ভালোবাসা পাই। এটাই আমার জীবনের সেরা স্বীকৃতি।’

অভিনেতা সোহেল খান। ছবি: ফেসবুক থেকে

মৃত্যুর আগে আক্ষেপ
ছয় মাস আগের কথা। সেই সময় হঠাৎ করেই ইউটিউবে ও ফেসবুক ছড়িয়ে পড়ে সোহেল খান এখন ভালো নেই। তাঁর অসহায় অবস্থার কথা উঠে আসে ভিডিওতে। একটি ভিডিওর শিরোনাম, ‘সোহেল খান এখন খেতে পান না।’ এসব ভিডিও দেখে মনঃক্ষুণ্ন হয়েছিলেন এই অভিনেতা। কারণ, এগুলো সত্য নয়। এ নিয়ে এই অভিনেতা বলেছিলেন, ‘নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করি, কখনো গরিব, কখনো দোকানদার এসব দৃশ্যের কান্নার সিকোয়েন্স কেটে কিছু অসাধু মানুষ ভিডিও বানিয়েছেন। কিছু মানুষ ভিউয়ের জন্য আমাকে হেয় প্রতিপন্ন করেছিলেন। আমাকে ছোট করেছিলেন। আমি খুব কষ্টে পেয়েছি। মানুষ ভিউয়ের জন্য এগুলো করে। এগুলো ন্যক্কারজনক ঘটনা। আমি কী অন্যায় করেছি, আমি কী অপরাধ করেছি। আমি কোন দুঃখে মানুষের কাছে হাত পাততে যাব।’

শুটিংয়ে সোহেল খান। ছবি: ফেসবুক থেকে

কেমন ছিল জীবন নিয়ে প্রত্যাশা
অভিনেতা সোহেল খানের দীর্ঘ দুই যুগের ক্যারিয়ার। এই সময়ে তিনি নিয়মিত অভিনয় করেছেন। ছিল ব্যবসা। তবে অভিনয় ঘিরেই ছিল তাঁর জীবন। তিনি বলেছিলেন, ‘আমি নিজেকে কখনোই গুণী অভিনেতা মনে করি না। কারণ, আমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে। এ টি এম শামসুজ্জামান, রাজ্জাক তাঁরা ছিলেন গুণী। আমি অভিনয় শিখে আসিনি। আমি এখনো শিখছি।’ এমনকি তাঁর জীবনযাপনও ছিল সাধারণ। মৃত্যুর দুই দিন আগে তিনি বগুড়ার স্থানীয় একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি আমার মনের দিক থেকে সব সময় একই রকম থাকার চেষ্টা করি। আমার কোনো চাহিদা নাই। আমার গাড়ি লাগব, বাড়ি লাগব, উড়োজাহাজ লাগব—এগুলো ভাবি না। অভিনয় নিয়েই থাকতে চাই। আমার একটা ছেলে একটা মেয়ে, আমি ভালো আছি।’

More in Top News

View all

Latest news