মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’ | চ্যানেল আই অনলাইন

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’ | চ্যানেল আই অনলাইন

দক্ষিণ কোরিয়ার অন্যতম আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা ‘KAOWL & CNPN Golden Pen Award’ পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত কবি, কথাসাহিত্যিক, অনুবাদক ও শিল্প সমালোচক মুম রহমান। পুরস্কারটির ১৮তম প্রাপক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

আন্তর্জাতিক সাহিত্য ও কবিতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কোরিয়ান অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড লিটারেচার (KAOWL) ও কালচার অ্যান্ড পিপল নিউজ পেপার (CNPN) যৌথভাবে এ পুরস্কার দিয়ে থাকে। পুরস্কার জুরি বোর্ডের চেয়ারম্যান কবি ড. কাং বাইঅং-চিঅল স্বাক্ষরিত চিঠিতে মুম রহমানকে নির্বাচনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুরস্কার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাংলা ভাষার কোনো কবির ক্ষেত্রে কোরিয়ার কোনো আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার অর্জনের ঘটনা এটিই প্রথম।

আন্তর্জাতিকভাবে পরিচিত তুরস্কের কবি তারিক গুনারসেল মুম রহমানকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দেন। পুরস্কার কর্তৃপক্ষের চিঠিতে তাঁর সাহিত্যিক অর্জনের প্রতি গুনারসেলের আস্থা ও সমর্থনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের কবি ও সাহিত্যিকরা এর আগে ‘KAOWL & CNPN Golden Pen Award’ পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন মালয়েশিয়া, মিশর, আলবেনিয়া, ইতালি, সার্বিয়া, বেলজিয়াম, স্পেন, রোমানিয়া, পোল্যান্ড, ভারত, তুরস্ক, চীন, গ্রিস, কিরগিজস্তানসহ বিভিন্ন দেশের খ্যাতিমান সাহিত্যিকরা।

এ আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে মুম রহমান বলেন, এ সম্মান তাঁর জন্য গভীর আনন্দের পাশাপাশি বড় দায়িত্বেরও। তিনি এটিকে শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না; বরং বাংলা ভাষা ও বাংলাদেশের সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধিত্ব করার একটি সুযোগ হিসেবে দেখছেন।

মুম রহমান বলেন, কোরিয়া থেকে বাংলা ভাষার কোনো কবির জন্য এটিই প্রথম আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার অর্জনের ঘটনা। তাঁর মতে, বাংলা ভাষার সাহিত্য যে বিশ্বসাহিত্যের বৃহত্তর পরিসরের গুরুত্বপূর্ণ অংশ, এই স্বীকৃতি তারই একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ সাক্ষ্য।