যুদ্ধ বন্ধের খবরে মার্কিন শেয়ারবাজার চাঙা | চ্যানেল আই অনলাইন

যুদ্ধ বন্ধের খবরে মার্কিন শেয়ারবাজার চাঙা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবসানের লক্ষ্যে হওয়া একটি প্রাথমিক সমঝোতার খবরে উচ্ছ্বাস দেখা দিয়েছে মার্কিন শেয়ারবাজারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে এলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরবে এমন প্রত্যাশায় প্রধান মার্কিন শেয়ার সূচকগুলো উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আজ (১৬ জুন) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, বাজারের এই উত্থানে বড় ভূমিকা রাখে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য একদিনেই ১৯ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। এর ফলে কোম্পানিটির প্রধান নির্বাহী ইলন মাস্কের সম্পদের পরিমাণও নতুন উচ্চতায় পৌঁছেছে।

এছাড়া, দিন শেষে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচক স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস ৫০০ সূচক ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বকালের সর্বোচ্চ অবস্থানের খুব কাছাকাছি পৌঁছেছে। প্রযুক্তিনির্ভর ন্যাসডাক কম্পোজিট সূচক বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। অন্যদিকে ডাও জোন্স শিল্প সূচক শুন্য দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড গড়েছে।

তবে এশিয়ার শেয়ারবাজারে সোমবার মিশ্র প্রবণতা দেখা যায়। আগের দিনের বড় উত্থানের পর বেশিরভাগ বাজার স্থিতিশীল ছিল। জাপানের প্রধান শেয়ার সূচক সামান্য কমেছে। দক্ষিণ কোরিয়ার বাজারেও সামান্য পতন হয়েছে। অন্যদিকে তাইওয়ানের শেয়ারবাজারে কিছুটা উত্থান দেখা গেছে। হংকংয়ের বাজারও সামান্য নিম্নমুখী ছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সমঝোতা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে। জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলারের সামান্য ওপরে নেমে এসেছে। ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর এটিই সর্বনিম্ন দাম।

তবে জ্বালানি সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। কারণ, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। আন্তর্জাতিক শিপিং খাতের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৫০০ জাহাজ প্রণালীটি অতিক্রমের অপেক্ষায় রয়েছে।