রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির | চ্যানেল আই অনলাইন

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে রাষ্ট্রপতি ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অভিনন্দন বার্তায় জারদারি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং জনগণের কল্যাণে আরও অগ্রগতি অর্জন করবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক গতি স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে।

জারদারি বলেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে আগ্রহী।

এই লক্ষ্যে রাষ্ট্রপতি ফখরুলকে তার সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান জারদারি। তার আশা, এ সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করবে।

অভিনন্দন বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।