
সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত এই পিরিয়ড ড্রামার পোস্টারে রণবীরকে দেখা গেছে রক্তাক্ত হাতে!
পোস্টার প্রকাশের পর থেকেই তার লুকে ‘অ্যানিমেল’ সিনেমার ছাপ খুঁজে পাচ্ছেন অনেকেই।
রণবীরের জন্মদিন সামনে রেখে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পোস্টারটি প্রকাশ করেছে বানসালি প্রোডাকশনস। পোস্টারে সাদা শার্ট পরা রণবীরকে একটি নীল গাড়ির ভেতরে বসে থাকতে দেখা যায়। তার বাঁ হাত গাড়ির বাইরে ঝুলছে। হাতে গুলির আঘাতের চিহ্ন এবং রক্ত দেখা যাচ্ছে।
পরবর্তীতে সিনেমাটির আরও একটি পোস্টার প্রকাশ করা হয়। সেখানে একই নীল গাড়িতে রক্তাক্ত অবস্থায় রণবীরকে সামনে থেকে দেখা যায়। ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে থাকা তার অভিব্যক্তিতেও রয়েছে তীব্রতা।
যুদ্ধের পটভূমিতে নির্মিত ‘লাভ অ্যান্ড ওয়ার’কে একটি মহাকাব্যিক প্রেমের গল্প হিসেবে তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে প্রথমবারের মতো সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করছেন ভিকি কৌশল।
২০২৪ সালের জানুয়ারিতে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ঘোষণা দেওয়া হয়েছিল। শুরুতে ২০২৫ সালের বড়দিনে মুক্তির কথা থাকলেও পরে মুক্তির তারিখ পিছিয়ে মার্চ ২০২৬ করা হয়। এরপর আবারও পরিবর্তন করে সিনেমাটির নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি ২০২৭।
‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মাধ্যমে ‘সাওয়ারিয়া’ (২০০৭)-এর প্রায় ১৯ বছর পর বানসালির সঙ্গে আবারও জুটি বাঁধছেন রণবীর। অন্যদিকে আলিয়া এর আগে বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় কাজ করেছেন। ২০২২ সালের এই সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল।
রণবীরকে সামনে ‘রামায়ণ’ সিনেমায় দেখা যাবে। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি দুই পর্বে মুক্তি পাওয়ার কথা- প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয়টি ২০২৭ সালের দীপাবলিতে। এ ছাড়া ‘অ্যানিমেল’-এর সিক্যুয়েল ‘অ্যানিমেল পার্ক’-ও রয়েছে তার হাতে।
ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে লক্ষ্মণ উতেকরের ঐতিহাসিক সিনেমা ‘ছাভা’-তে। টেলিগ্রাফ
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

