LATEST
হামে আরও ৬ শিশুর মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: প্রথম দফায় সফল পরীক্ষামূলক উৎপাদন শেষে গ্রিড থেকে বিচ্ছিন্ন নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ বন্ধে লিগ্যাল নোটিশ এশিয়া মার্কেটিং ফেডারেশনের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাজিদ মাহবুব ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত সিম ও ব্যাংকিংয়ে ফেস ভেরিফিকেশন কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
Global

‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’

‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’

ঢাকা: শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন, অবহেলা ও শোষণ বন্ধে সমন্বিত, জাতীয়ভাবে স্বীকৃত এবং টেকসই অর্থায়ননির্ভর শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘সেকেন্ড গ্লোবাল মিনিস্টারিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বাংলাদেশের এই অবস্থানের কথা তুলে ধরেন।

‘টেকসই প্রভাব নিশ্চিতে শিশু সুরক্ষা ব্যবস্থা ও অর্থায়ন জোরদার’ শীর্ষক এই অধিবেশনে মন্ত্রী বলেন, শিশুদের প্রতি সহিংসতা শুধু শিশু অধিকারের লঙ্ঘন নয়, এটি মানবসম্পদ উন্নয়ন, সামাজিক ঐক্য ও টেকসই উন্নয়নের পথেও বড় বাধা সৃষ্টি করে। শিশুদের সহিংসতা, নির্যাতন, অবহেলা, শোষণ ও ক্ষতিকর প্রথা থেকে সুরক্ষা দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

শিশুদের সুস্থ ও মানসিক বিকাশে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার ‘নতুন কুঁড়ি’ ও ‘নতুন কুঁড়ি (স্পোর্টস)’-এর পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রসারে নানামুখী উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, বিচ্ছিন্ন প্রকল্পের মাধ্যমে শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ জন্য আইন, প্রতিষ্ঠান, দক্ষ জনবল, পরিবার, সমাজ এবং সরকারি অর্থায়নের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সম্মেলনে এই লক্ষ্য অর্জনে বাংলাদেশের তিনটি কৌশলগত অগ্রাধিকারের কথা তুলে ধরেন সমাজকল্যাণমন্ত্রী। প্রথম অগ্রাধিকার হিসেবে নেতৃত্ব ও জবাবদিহি জোরদারের কথা উল্লেখ করে তিনি জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পৃথক ‘শিশুবিষয়ক অধিদপ্তর’ প্রতিষ্ঠা এবং সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা শাখাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিশু কল্যাণ বোর্ডগুলোকে সক্রিয় করার মাধ্যমে সমন্বয় ও জবাবদিহি বাড়ানো হচ্ছে।

দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে সহিংসতা প্রতিরোধ ও সমন্বিত সেবায় বিনিয়োগ বৃদ্ধির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শিশুদের বেড়ে ওঠা, শিক্ষা গ্রহণ ও বসবাসের পরিবেশ থেকেই সহিংসতা প্রতিরোধে কাজ করছে সরকার। এ লক্ষ্যে ইতিবাচক অভিভাবকত্বের চর্চা সম্প্রসারণ, কমিউনিটিভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার, নিরাপদ বিদ্যালয় নিশ্চিত করা, স্বাস্থ্যসেবায় শিশু সুরক্ষা অন্তর্ভুক্ত এবং শিশুবান্ধব বিচারব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তৃতীয় অগ্রাধিকার হিসেবে টেকসই ফলাফল নিশ্চিত করার ওপর জোর দিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, সমাজসেবা কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কেস ম্যানেজমেন্ট ও রেফারেল ব্যবস্থার উন্নয়ন, তথ্য-উপাত্ত সংগ্রহ ও ব্যবহারে বিনিয়োগ এবং সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে অভ্যন্তরীণ অর্থায়ন বাড়ানোর বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

অধ্যাপক জাহিদ হোসেন আরও বলেন, সরকারি নেতৃত্বের পাশাপাশি কমিউনিটি, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাত সম্মিলিতভাবে কাজ করলে শিশু সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রতিটি শিশু যেন নিরাপদ, সুরক্ষিত ও সহায়ক পরিবেশে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করতে বাংলাদেশ বদ্ধপরিকর।

উল্লেখ্য, ১০০টির বেশি দেশের প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার অংশগ্রহণে ম্যানিলায় এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

The post ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Global

View all

Latest news