LATEST
জামাই আদরে ৩০০ বছরের মাছের মেলা, এক দিনেই বিক্রি ৫ কোটি টাকার মাছ! জেলা প্রশাসন সর্বদা প্রেস ক্লাবের পাশে থাকবে- ডিসি ‘আন্তঃসীমান্ত টেররিজম’ চালাচ্ছে আওয়ামী লীগ, তারেক রহমানের প্রতি সারজিস আলমের বিশেষ বার্তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করার উদ্যোগ চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না জেনারেল ও হিফজ শিক্ষার সমন্বয়ে ইতমিনান বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৫ হাজার শিক্ষার্থী কাপভর্তি টক-মিষ্টি চুমুকে মন ভালো করার রোজেলা চা কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬
Business

শেয়ারবাজারে কারসাজির দায়ে বিএসইসির জরিমানা বহাল

শেয়ারবাজারে কারসাজির দায়ে  বিএসইসির জরিমানা বহাল

ফৌজদারি মামলা নয়, শেয়ারবাজারে অনিয়মের জন্য দেওয়ানি জরিমানা করতে পারবে বিএসইসি; আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কমিশনের। শেয়ারবাজারে কারসাজির অভিযোগে বিনিয়োগকারীদের ওপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আরোপ করা জরিমানা বহাল রেখেছেন হাইকোর্ট। জরিমানার আদেশ চ্যালেঞ্জ করে করা ২২টি রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে এসব মামলায় আগে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। হাইকোর্ট বলেছেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ অনুযায়ী শেয়ারবাজারে আইন লঙ্ঘনের ঘটনায় বিএসইসি দেওয়ানি জরিমানা আরোপ করতে পারে অথবা ফৌজদারি মামলা করতে পারে। কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা কমিশনের এখতিয়ার ও বিবেচনার বিষয়। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ ২০২৫ সালের ৬ নভেম্বর এ রায় দেন। সম্প্রতি প্রকাশিত ১৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এসব পর্যবেক্ষণ উঠে এসেছে। রায়ের বিবরণ অনুযায়ী, আবেদনকারীরা শেয়ারবাজারের বিনিয়োগকারী। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ শেয়ার কেনার মাধ্যমে বাজারে কৃত্রিমভাবে লেনদেন ও দাম বাড়ার পরিস্থিতি তৈরি করা হয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে সংশ্লিষ্ট শেয়ারের দাম আরও বাড়বে—এমন ধারণা সৃষ্টি হতে পারে বলে মনে করে বিএসইসি। এসব অভিযোগে কমিশন সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কারণ দর্শানোর নোটিশ দেয়। তাদের লিখিত জবাব গ্রহণ এবং ব্যক্তিগত শুনানির পর বিভিন্ন অঙ্কের জরিমানা আরোপ করা হয়। পরে জরিমানার আদেশ পুনর্বিবেচনার আবেদন করা হলেও কমিশন তা খারিজ করে আগের সিদ্ধান্ত বহাল রাখে। এরপর জরিমানা আরোপ ও পুনর্বিবেচনার আবেদন খারিজের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২২টি রিট আবেদন করা হয়। রিট আবেদনকারীদের আইনজীবীদের যুক্তি ছিল, শেয়ারবাজারের আইন লঙ্ঘনের অভিযোগ থাকলে বিএসইসির ফৌজদারি কার্যক্রম গ্রহণ করা উচিত ছিল। এ ছাড়া নির্দিষ্ট কোনো ব্যক্তি কত পরিমাণ শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন, সে বিষয়ে আইনে নিষেধাজ্ঞা নেই। ফলে শুধু বিপুল পরিমাণ শেয়ার কেনার কারণে জরিমানা আরোপ বেআইনি ও স্বেচ্ছাচারী। অন্যদিকে বিএসইসির আইনজীবীরা আদালতকে বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশের ২২ ধারায় দেওয়ানি জরিমানা এবং ২৪ ধারায় ফৌজদারি দায়ের বিধান রয়েছে। আইন লঙ্ঘনের ঘটনায় কমিশন এই দুই ধরনের ব্যবস্থার যেকোনো একটি গ্রহণ করতে পারে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই জরিমানা করা হয়েছে। আদালত তার পর্যবেক্ষণে বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশের উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, পুঁজিবাজার নিয়ন্ত্রণ এবং প্রতারণা ও কারসাজিমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা। সাধারণ বিনিয়োগকারীরা যাতে তাঁদের সঞ্চয় হারিয়ে সর্বস্বান্ত না হন, সেটিও এই আইনের অন্যতম উদ্দেশ্য। আদালত আরও বলেন, আইনের একটি ধারাকে অন্য ধারাগুলো থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। পুরো আইনের উদ্দেশ্য বিবেচনায় নিতে হবে। তাই শুধু ফৌজদারি মামলা করার পরিবর্তে বিএসইসি দেওয়ানি জরিমানা আরোপ করতে পারবে না—রিট আবেদনকারীদের এমন যুক্তির কোনো ভিত্তি নেই। প্রাকৃতিক ন্যায়বিচারের নীতি লঙ্ঘনের অভিযোগও খারিজ করেছেন হাইকোর্ট। আদালত বলেন, কাউকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে হবে। একে আইনের ভাষায় Audi Alteram Partem বলা হয়। তবে আদালত দেখতে পেয়েছেন, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিরুদ্ধে বিএসইসি কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল। তারা লিখিত জবাব দিয়েছেন এবং ব্যক্তিগত শুনানির সুযোগও পেয়েছেন। এরপর কমিশন জরিমানার সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে অধ্যাদেশের ২৬ ধারায় পুনর্বিবেচনার আবেদনও করা হয়েছিল। ফলে এ ক্ষেত্রে প্রক্রিয়াগত কোনো অনিয়ম খুঁজে পাননি আদালত। রায়ে আদালত আরও বলেন, বিনিয়োগকারীরা প্রকৃতপক্ষে সৎ উদ্দেশ্যে শেয়ার কিনেছিলেন, নাকি তাদের কর্মকাণ্ডে বাজারে কারসাজি হয়েছে—এটি মূলত তথ্য ও প্রমাণনির্ভর বিরোধ। এ ধরনের বিতর্কিত বিষয় বিস্তারিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নিষ্পত্তি করতে হয়। রিট এখতিয়ারে এ ধরনের বিরোধের বিচার করা যায় না। সব দিক বিবেচনায় ২২টি রিট আবেদনের কোনো গ্রহণযোগ্যতা খুঁজে না পেয়ে আদালত সব রুল খারিজ করে দেন। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রত্যাহার ও বাতিল করেন। মামলাগুলোর বিষয়ে কোনো খরচের আদেশ দেননি আদালত।

More in Business

View all

Latest news