ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায়ও দক্ষ একটি প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করছে ইতমিনান ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ‘ইতমিনান বৃত্তি পরীক্ষা ২০২৬’। জেনারেল ও হিফজ শিক্ষার সমন্বয়ে পরিচালিত ইতমিনান কারিকুলামের আওতায় আয়োজিত এ পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীসহ দেশের প্রায় ৪০০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এ বৃত্তি পরীক্ষা। নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াশোনায় আরও উৎসাহিত করতেই ইতমিনান ফাউন্ডেশনের এ উদ্যোগ।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিশুদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করবে। পাশাপাশি ছোটবেলা থেকেই তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস ও মেধার যথাযথ বিকাশে সহায়ক হবে।
পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ বৃত্তি ও সম্মাননার ব্যবস্থা। ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে বাৎসরিক দেড় হাজার টাকা করে প্রদান করবে ইতমিনান ফাউন্ডেশন। আর সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের দেওয়া হবে সম্মাননা স্মারক। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে আয়োজন করা হবে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।
শুধু বৃত্তি পরীক্ষাই নয়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ধারাবাহিকভাবে কাজ করছে ইতমিনান ফাউন্ডেশন। গত বছর প্রতিষ্ঠানটির উদ্যোগে ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সম্প্রতি প্রায় ৭০ জন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসব আয়োজন শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় অগ্রসর হওয়ার পাশাপাশি ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাচ্ছে।
ইতমিনান কারিকুলামের বিশেষত্ব হলো, এখানে সাধারণ শিক্ষা ও হিফজুল কোরআনের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার পরিকল্পিত উদ্যোগ রয়েছে। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের হিফজুল কোরআন সম্পন্ন করে হাফেজে কোরআন হিসেবে গড়ে তোলার কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তী ধাপে ষষ্ঠ শ্রেণি থেকে কওমি মাদ্রাসার শিক্ষাক্রমের সঙ্গে জাতীয় শিক্ষাক্রমের সমন্বয়ে পাঠদানের ব্যবস্থা রয়েছে।
এ কারিকুলামের আওতায় কেবল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই ইতমিনান বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। এর মূল লক্ষ্য, দ্বীনি মূল্যবোধ ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমানভাবে দক্ষ, আদর্শ ও যোগ্য প্রজন্ম গড়ে তোলা।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
প্রায় ৪০০ কেন্দ্রে ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এবারের ইতমিনান বৃত্তি পরীক্ষা কেবল একটি মেধা যাচাইয়ের আয়োজন নয়, বরং ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বিত ধারাকে এগিয়ে নেওয়ার একটি প্রয়াস। ভবিষ্যতেও শিক্ষা, মেধা অন্বেষণ ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ইতমিনান ফাউন্ডেশনের।
The post জেনারেল ও হিফজ শিক্ষার সমন্বয়ে ইতমিনান বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৫ হাজার শিক্ষার্থী appeared first on ZoomBangla.