সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন | চ্যানেল আই অনলাইন

সমাজসেবা অধিদপ্তরের চার কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

রোববার (৩০ আগস্ট) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের চার কর্মকর্তার বিরুদ্ধে কথিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে।

প্রকাশিত অভিযোগগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের জন্য মন্ত্রণালয় ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে মতামতসহ বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখেছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সরকার শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিয়ে আসছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া হবে না। কোনো ব্যক্তি বা কর্মকর্তার ব্যক্তিগত অনিয়মের দায় প্রতিষ্ঠান বহন করবে না।