
ছবি: সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যুক্তরাষ্ট্রে থাকা তাদের কথিত অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়ে বাংলাদেশের অনুরোধের পর এসব তথ্য পাঠিয়েছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের মানিলন্ডারিং-২ শাখার একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামানের বিষয়ে বাংলাদেশ সরকারের পাঠানো মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল অথরিটি, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (ওআইএ) ২০২৫ সালের ১৯ মে গ্রহণ করে।
ওই আবেদনে সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির তথ্য চাওয়া হয়। পাশাপাশি তাদের কথিত অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়েও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছিল।
বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এফবিআই বিষয়টি তদন্ত করে। পরে তদন্তসংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা সম্পত্তির রেকর্ডসহ প্রয়োজনীয় নথি বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে বলে দুদকের চিঠিতে উল্লেখ করা হয়।
দুদকের কাছে পাঠানো নথিগুলো একটি সিডিতে সংযুক্ত করা হয়েছে। এখন এসব তথ্য ও রেকর্ড পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া এগোবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


