LATEST
গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ভিসা আবেদন নিয়ে সতর্কবার্তা মার্কিন দূতাবাসের প্রয়োজন ছাড়া ডলার না কিনতে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ All Blacks v England: All Blacks dealt injury blow ahead of crucial Twickenham clash শাপলা চত্বর হত্যাকাণ্ড: ইনু-দীপু মনিসহ ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির, শুরু হলো ঐতিহাসিক মামলার শুনানি হেলাল খানের ‘তুই ফ্যাসিস্ট’ বলার কারণ ব্যাখ্যা করলেন জয়
Top News

সেন্টমার্টিনে পর্যটক কম, ৪২০০ টাকা জাহাজভাড়া কমানোর উদ্যোগ

সেন্টমার্টিনে পর্যটক কম, ৪২০০ টাকা জাহাজভাড়া কমানোর উদ্যোগ
সেন্টমার্টিন

কক্সবাজার,১৫ নভেম্বর- সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকদের আগ্রহ থাকলেও জাহাজের টিকিটের বেশি দাম ও টিকিট কেনার ভোগান্তির কারণে প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসছেন না দ্বীপটিতে। চলতি মৌসুমে জাহাজের সর্বনিম্ন রাউন্ড ট্রিপ টিকিটের দাম রাখা হচ্ছে ৪ হাজার ২০০ টাকা। এর সঙ্গে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে যাতায়াত এবং দ্বীপে থাকার খরচ যোগ হয়ে ভ্রমণের ব্যয় আরও বেড়ে যাচ্ছে। এ ছাড়া কমিশন এজেন্টরাও সুযোগ বুঝে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন। সব মিলিয়ে ভোগান্তিতে পড়ছেন পর্যটকরা। এ পরিস্থিতিতে জাহাজের ভাড়া পুনর্নির্ধারণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নজরদারি এবং সবার জন্য অভিন্ন ভাড়া কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ বিষয়ে সংস্থাটির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মৌসুমের শুরুতে চলাচল করা তিনটি জাহাজের মোট ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন হলেও প্রতিদিন গড়ে ৫০০ থেকে ১ হাজারের কিছু বেশি পর্যটক পরিবহন করা হচ্ছে। ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৬ হাজার ২০৪ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন। তাঁদের মধ্যে ৮৩ জন বিদেশি। জানা গেছে, গত মৌসুমে জাহাজের সর্বনিম্ন রাউন্ড ট্রিপ ভাড়া ছিল সাড়ে ৩ হাজার টাকা। এবার তা বাড়িয়ে ৪ হাজার ২০০ টাকা করা হয়েছে। অর্থাৎ এক মৌসুমের ব্যবধানে ভাড়া বেড়েছে ২০ শতাংশ। পর্যটকদের অভিযোগ, জাহাজভাড়া, ঘাটে যাতায়াত ও অন্যান্য খরচ মিলিয়ে পরিবার নিয়ে সেন্টমার্টিন ভ্রমণ এখন মধ্যবিত্ত ও শিক্ষার্থীদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

সেন্টমার্টিনের সাবেক প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, কক্সবাজার থেকে জাহাজ চলাচল এবং টিকিটের দাম বেশি হওয়ায় পর্যাপ্তসংখ্যক পর্যটক দ্বীপটিতে ভ্রমণে আসছেন না।

ভাড়া নিয়ে অসন্তোষ : ঢাকা থেকে আসা পর্যটক শাওন বলেন, কক্সবাজার থেকে সেন্টমার্টিন পৌঁছাতে ৮-৯ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। এটি খুবই বিরক্তিকর ভ্রমণ। কক্সবাজারে পৌঁছানোর পর ঠিকমতো গাড়িও পাওয়া যায় না। এ কারণে অনেকের আগ্রহ থাকলেও পর্যটকরা দ্বীপটিতে কম যাচ্ছেন।

গাজীপুর থেকে আসা পর্যটক মিনহাজ বলেন, সাধারণ অভ্যন্তরীণ নৌ-রুটের ভাড়া, যেমন ঢাকা-বরিশাল লঞ্চভাড়া বা সাধারণ নদীপথের ভাড়ার তুলনায় সেন্টমার্টিন সমুদ্রপথের দূরত্ব বিবেচনায় ভাড়া অনেক বেশি। দেশীয় পর্যটকদের জন্য এই খরচ অত্যন্ত বেশি। বিদেশি ও দেশীয় পর্যটকদের জন্য আলাদা ভাড়া নির্ধারণের দাবি জানান তিনি। তবে ঘোষিত ভাড়াকে অযৌক্তিক মনে করেন না সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। তিনি বলেন, ‘কয়েক মাসের পর্যটন মৌসুমের জন্য জাহাজগুলোকে সারা বছর পরিচালনার খরচ বহন করতে হয়। তবে সাধারণ পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে ডেক ও ইকোনমি শ্রেণির ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হলে জাহাজমালিকদের আপত্তি থাকবে না।’

বিআইডব্লিউটিএর কক্সবাজার কার্যালয়ের বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, ‘ভাড়া নিয়ে পর্যটকদের আপত্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হয়েছে। পর্যটক ও বিনিয়োগকারী—উভয়ের স্বার্থ বিবেচনা করে একটি গ্রহণযোগ্য ভাড়া কাঠামো তৈরির কাজ চলছে।’

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অবৈধভাবে ট্রলিং করে মাছ ধরার অভিযোগে ৩৮ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় দুটি আর্টিসানাল ট্রলিং বোট, ৯টি ট্রলিং জাল এবং ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। গতকাল বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার রাত ৩টার দিকে কোস্টগার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ বিশেষ অভিযান চালিয়ে মাছ ধরার সময় দুটি অবৈধ ট্রলিং বোট জব্দ করে। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ৩৮ জেলেকেও আটক করা হয়। কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, জব্দ করা বোট, জাল ও মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আটক জেলেদের থানায় হস্তান্তরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

এস এম/ ১৫ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সেন্টমার্টিনে পর্যটক কম, ৪২০০ টাকা জাহাজভাড়া কমানোর উদ্যোগ first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news