-
হাসপাতালে পর্যাপ্ত স্ক্যানু ও এনআইসিইউ বাড়ানো।
-
শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে অক্সিজেন সরবরাহসহ পর্যবেক্ষণ করা।
-
সময় নষ্ট না করে অসুস্থ নবজাতককে সহজে রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া।
-
নবজাতকের চিকিৎসায় প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত যন্ত্রপাতির ব্যবস্থা করা।
দেশে নবজাতক মৃত্যুর ৮৫ শতাংশই ঘটে প্রধানত তিনটি কারণে। এর মধ্যে প্রায় এক–তৃতীয়াংশ মৃত্যু হয় অপরিণত অবস্থায় ও কম ওজন নিয়ে জন্ম নেওয়ার কারণে। জন্মের সময় অক্সিজেনের অভাবজনিত শ্বাসকষ্টের কারণে ২৭ শতাংশ এবং নিউমোনিয়াসহ সংক্রমণের কারণে মৃত্যু হয় ২৬ শতাংশ নবজাতকের। তবে চারটি ব্যবস্থা নিলে নবজাতকদের এসব মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। সেগুলো হচ্ছে হাসপাতালে পর্যাপ্ত স্ক্যানু ও নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) বাড়ানো, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে অক্সিজেন সরবরাহসহ পর্যবেক্ষণ করা, সময় নষ্ট না করে অসুস্থ নবজাতককে সহজে রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া, নবজাতকের চিকিৎসায় প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত যন্ত্রপাতির ব্যবস্থা করা। গতকাল রোববার বিশ্ব অপরিণত শিশু জন্ম দিবস উপলক্ষে ইউনিসেফ আয়োজিত সংলাপে এ কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বাংলাদেশে অপরিণত অবস্থায় ও কম ওজন নিয়ে জন্ম নেওয়া নবজাতকের যত্ন জোরদারকরণ’ শিরোনামে আয়োজিত সংলাপে বক্তারা অন্তঃসত্ত্বা নারী ও নবজাতক স্বাস্থ্য সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এ সংলাপে গণমাধ্যম সহযোগী ঢাকা ট্রিবিউন এবং সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলো।
বৈঠকে শিশু চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) সভাপতি অধ্যাপক মো. মাহবুবুল হক বলেন, যেসব অপরিণত ও কম ওজনের নবজাতকদের মৃত্যু হয়, তাদের মধ্যে ৭৫ শতাংশই মারা যায় প্রথম ৭ দিনে। এর মধ্যে আবার প্রথম দিনে প্রথম ঘণ্টায় মারা যায় বেশির ভাগ। ফলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ওই প্রথম ঘণ্টাকে। এ সময় নবজাতকের স্বাভাবিক যত্নের পাশাপাশি ক্যাঙারু মাদার কেয়ার (নবজাতকের ত্বকের সঙ্গে ত্বক লাগিয়ে রাখার বিশেষ ব্যবস্থা), মাতৃদুগ্ধ পান, প্রশিক্ষিত জনবল দিয়ে সেবার ব্যবস্থা নিতে হবে। হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়ার পর ১৬ শতাংশ অপরিণত শিশুর মৃত্যু হয়। ফলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় মা–বাবাকে সচেতন করতে হবে, যেন তারা শিশুর অসুস্থতার বিপদচিহ্নগুলো বুঝতে পারেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান।
বিশ্ব অপরিণত শিশু জন্ম দিবস উপলক্ষে ইউনিসেফ আয়োজিত সংলাপে বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, কীভাবে নবজাতকের সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা বাড়ানো যায় ও মৃত্যুহার কমানো যায়, সেই ব্যবস্থাগুলো অনুসরণ করতে হবে। সিলেটের একটি সরকারি হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে একটি শয্যায় চারটি করে শিশু রাখা হয়েছিল। নবজাতকদের বাঁচাতে এনআইসিউই, স্ক্যানু বাড়াতে হবে। নবজাতকের সুরক্ষায় পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাই হাসপাতালে নিচ থেকে ওপর পর্যন্ত (বটম আপ) প্রশিক্ষিত জনবলের ব্যবস্থা করতে হবে।
প্রসূতি ও স্ত্রীরোগ–বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সদস্য অধ্যাপক এস কে জিন্নাত আরা নাসরিন বলেন, এলাকা ধরে শনাক্তের ব্যবস্থা নিতে হবে যে সেখানে কতসংখ্যক নারী অন্তঃসত্ত্বা এবং তাঁরা কেন হাসপাতালে আসছেন না। স্বাস্থ্যসেবা কর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে সেই মায়েদের হাসপাতালে এসে সেবা নিতে সচেতন করতে হবে। গর্ভকালীন সেবা ঠিকঠাকমতো নিলে অপরিণত ও কম ওজনের শিশু জন্মের ঝুঁকি কমে আসবে। এই ঝুঁকি কমাতে বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্ব প্রতিরোধ করতে হবে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুল মান্নান বলেন, অপরিণত ও কম ওজনের শিশু জন্মের পর হাসপাতাল থেকে বাসায় নিয়মিত ফলোআপ করা জরুরি। অপরিণত শিশুর দৃষ্টি–শ্রবণশক্তি চলে যাওয়ার ঘটনা ঘটে। তাই অপরিণত শিশুর ওজন যদি ২ কেজির কম হয় বা ২ কেজির বেশি ওজনের অপরিণত শিশু যদি অসুস্থ হয়, তবে অবশ্যই শিশুটিকে জন্মের ২০ থেকে ২৮ দিনের মধ্যে চোখের পরীক্ষা বা রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি (আরওপি) করাতে হবে, কানের পরীক্ষাও করাতে হবে।
বৈঠকে আরও বক্তব্য দেন, নবজাতক বিশেষজ্ঞ অধ্যাপক দিলারা আলো, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা) শারমিন শাহনাজ, স্বাস্থ্য অধিদপ্তরের উপপ্রকল্প ব্যবস্থাপক সাবিনা আশরাফি লিপি, ইউএনএফপিএ বাংলাদেশ কার্যালয়ের যৌন ও প্রজননস্বাস্থ্য–বিশেষজ্ঞ আবু সাইদ মো. হাসান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের কর্মসূচি কর্মকর্তা মো. নুরুল ইসলাম খান, বিশেষজ্ঞ চিকিৎসক সালাহউদ্দিন আহমেদ, শারমিন সুলতানা ঊর্মি, রিদওয়ানা নাহের মান্না, আজিজ খান। অনলাইনে যুক্ত হন ডা. মজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক মজিবুর রহমান ও আফগানিস্তানে ইউনিসেফের স্বাস্থ্য বিভাগের প্রধান মালালাই আহমেদজাই।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপক দেওয়ান মো. এমদাদুল হক। বৈঠক সঞ্চালনা করেন ঢাকা ট্রিবিউনের বার্তা সম্পাদক আনন্দ মোস্তফা।