স্বাধীনতা পদক ভূষিত মুকিত মজুমদার বাবুকে চ্যানেল আইয়ের সংবর্ধনা | চ্যানেল আই অনলাইন

স্বাধীনতা পদক ভূষিত মুকিত মজুমদার বাবুকে চ্যানেল আইয়ের সংবর্ধনা | চ্যানেল আই অনলাইন

একটি নাম, একটি অনুপ্রেরণা যার প্রতিটি পদচিহ্নে রয়েছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের গৌরব, প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা আর সমাজের প্রতি অনন্ত দায়বদ্ধতা। সেই সংগ্রামী জীবনের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে এ বছর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন প্রকৃতিবন্ধু, বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই গৌরবময় অর্জনে তাকে ভালোবাসা আর শ্রদ্ধায় সংবর্ধনা দিয়েছে চ্যানেল আই বার্তা বিভাগ।

৭১ এর রণাঙ্গন থেকে শুরু করে সবুজ পৃথিবী গড়ার লড়াই, প্রতিটি ক্ষেত্রেই তিনি নির্ভীক যোদ্ধা। সময়ের সঙ্গে গভীর থেকে গভীরতর হয়েছে দেশের মাটি-নদী-সবুজের প্রতি তার ভালোবাসা।

চ্যানেল আইয়ের পরিচালক, ইমপ্রেস গ্রুপের অন্যতম কর্ণধার এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে তিনি শুধু নেতৃত্বই দেননি, সচেতনতার পাশাপাশি ছড়িয়েছেন সবুজের বিপ্লব।

মুক্তিযুদ্ধের সাহসী সৈনিক থেকে শুরু করে প্রকৃতি রক্ষার নিরলস যোদ্ধা দীর্ঘ পথচলায় যিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম। তার সাহস-নেতৃত্ব-দেশপ্রেম আর সংগ্রামী জীবনের গল্পের কথা স্মরণ করেন সহকর্মীরা।

অনুষ্ঠানে প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু দেশকে ভালোবাসা মানে শুধু পতাকাকে ভালোবাসা নয়, বরং মাটি-নদী-গাছ-প্রকৃতির জন্য কাজ করে করে যাওয়া- সে কথা স্মরণ করিয়ে দেন।

মুক্তিযুদ্ধের চেতনা আর প্রকৃতির প্রতি দায়বদ্ধতায় টেকসই ভবিষ্যত বিনির্মাণের প্রত্যয় ফুটে ওঠে পুরো আয়োজনে।