১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সব প্রশাসনিক কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা – DesheBideshe

১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সব প্রশাসনিক কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা – DesheBideshe


১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সব প্রশাসনিক কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা – DesheBideshe

কলকাতা, ২০ জুলাই – পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সব ধরনের সরকারি প্রশাসনিক কার্যক্রম প্রধানত বাংলা ভাষায় পরিচালিত হবে।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে আসা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহের দেওয়া একটি প্রস্তাবের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত রোববার কলকাতায় দেশের প্রথম ভারতীয় ভাষা বিষয়ক শব্দ জাদুঘর মিউজিয়াম অব ওয়ার্ডস এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। সেখানে তিনি মাতৃভাষার ব্যাপক প্রয়োগ ও প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠিও দিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই প্রস্তাবের পরদিনই সোমবার রাজ্য বিধানসভায় এই ঐতিহাসিক ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী জানান এখন থেকে প্রশাসনিক স্তরের যাবতীয় কার্যক্রমের পাশাপাশি রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের থানাতেও বাংলা ভাষায় এফআইআর দায়ের করা যাবে। এছাড়া কেন্দ্র ও রাজ্যের মধ্যকার যোগাযোগের ক্ষেত্রেও ইংরেজি ভাষার ব্যবহার কমিয়ে বাংলা ব্যবহারের ওপর জোর দেওয়া হবে।

ভারত সরকার বা অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে চিঠিপত্র আদান-প্রদান হবে বাংলা ভাষাতেই। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিশেষ যোগাযোগের সুবিধার্থে বাংলার পাশাপাশি হিন্দি ভাষা ব্যবহারের সুযোগ থাকবে।

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের সব স্তরে বাংলা ভাষাকে বাধ্যতামূলকভাবে কার্যকর করার প্রস্তুতি শুরু হয়েছে। এই সময়ের মধ্যে সরকারি দপ্তরে অনুবাদক নিয়োগসহ অন্যান্য প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শকে স্বাগত জানিয়ে মাতৃভাষাকে সর্বোচ্চ স্তরে কার্যকর করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি সভায় জানান।

এনএন/ ২০ জুলাই ২০২৬