LATEST
ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে বরগুনায় টানা বৃষ্টি, বিপাকে জনজীবন ভারতে ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত আজ জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য, নিরাপত্তার কারণে ভার্চুয়ালি হাজিরা ও সাক্ষীর নাম গোপন নিয়ে বিতর্ক কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয় মেসির মিয়ামিকে প্লে-অফের প্রথম রাউন্ডে বিধ্বস্ত করল কলম্বাস বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার লক্ষ্য করে ইরানের হামলা Ageing euphemisms: Why can’t we just grow old?
Districts News Updates

৮ গ্রামের ৪০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো

৮ গ্রামের ৪০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো

সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জ উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা পলাশ। ২০২৫ সালের ৬ অক্টোবর রাত ১১টার দিকে তার প্রসূতি স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ফুলজোড় নদীর বিষ্ণুপুর ঘাটে ছুটে গেলেও তখন কোনো নৌকা পাওয়া যায়নি। অনেক চেষ্টা করেও সময়মতো চিকিৎসকের কাছে নেওয়া সম্ভব হয়নি তাকে। শেষ পর্যন্ত প্রাণ হারান পলাশের স্ত্রী।

সেই স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় পলাশকে। সারাবাংলার এই প্রতিবেদককে তিনি বলেন, ‘নৌকার অভাবে স্ত্রীকে হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সময়মতো হাসপাতালে নিতে পারলে হয়তো এমন পরিণতি হতো না।’

শুধু পলাশের পরিবার নয়, ফুলজন নদীর বিষ্ণুপুর ঘাটের এমন বাস্তবতা প্রতিদিনের। উপজেলার নলকা ইউনিয়নের বিষ্ণুপুর, ফরিদপুর, আঙ্গার, তেঘরী, ব্যাংক নাই, গঙ্গারামপুর, বাঁশুড়িয়া ও আটঘরিয়া গ্রামের মানুষের চলাচলের অন্যতম পথ এই ঘাট। একটি সেতুর অভাবে প্রতিদিনের জীবনযাত্রাই যেন সংগ্রামে পরিণত হয়েছে ফুলজোড় নদীপাড়ের আট গ্রামের মানুষের।

বাঁশের সাঁকো ও নৌকা দিয়ে ৮ গ্রামের ৪০ হাজার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার। ছবি: সংগৃহীত

বাঁশের সাঁকো ও নৌকা দিয়ে ৮ গ্রামের ৪০ হাজার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার। ছবি: সংগৃহীত

কখনো বাঁশের সাঁকো, কখনো ঝুঁকিপূর্ণ নৌযাত্রা- এভাবেই বছরের পর বছর নদী পারাপার হচ্ছে প্রায় ৪০ হাজার মানুষ। বিশেষ করে রাতের বেলায় গুরুতর রোগী ও প্রসূতি নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। শুষ্ক মৌসুমে বাঁশ ও চাটাই দিয়ে তৈরি অস্থায়ী সাঁকোই ভরসা। কিন্তু বর্ষায় সেই পথ ডুবে গেলে নৌকা ছাড়া পারাপারের সুযোগ থাকে না।

দাসপাড়া গ্রামের পপি রানী দাস সারাবাংলাকে বলেন, ‘শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ- সবাইকে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। বিশেষ করে অসুস্থ মানুষ কিংবা প্রসূতি নারীদের নিয়ে নদী পারাপারের সময় আতঙ্কে থাকতে হয়। কখনো কখনো সময়মতো চিকিৎসা পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।’

বিষ্ণুপুর গ্রামের সাইফুল ইসলাম সূর্য সারাবাংলাকে বলেন, ‘কৃষকদের উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য ফসল নৌকায় পার করে বাজারে নিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয়। অনেক সময় পণ্য নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে। এখানে সেতু হলে আট গ্রামের মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।’ স্থানীয় ইউপি সদস্য আনিছার সারাবাংলাকে জানান, সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করা হলেও এখনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

বাঁশের সাঁকো দিয়ে ৮ গ্রামের ৪০ হাজার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার। ছবি: সংগৃহীত

বাঁশের সাঁকো দিয়ে ৮ গ্রামের ৪০ হাজার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সোহাগ রানা সারাবাংলাকে বলেন, ‘বিষয়টি আগে আমাদের জানা ছিল না। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।’ ওই এলাকায় ২০০ মিটারের মধ্যে একটি সেতু নির্মাণের আবেদন রয়েছে বলেও জানান তিনি। এদিকে সিরাজগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান সারাবাংলাকে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, আর কোনো পরিবারকে যেন প্রিয়জন হারানোর বেদনা নিয়ে ফিরতে না হয়। নিরাপদ যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনের স্বার্থে ফুলজোড় নদীর বিষ্ণুপুর ঘাটে দ্রুত একটি সেতু নির্মাণ করা হবে এমনটাই দাবি তাদের।

The post ৮ গ্রামের ৪০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news