দেশে শিশু ও নারী ধর্ষণ-নিপীড়নের সাম্প্রতিক ধারাবাহিক ঘটনার প্রতিবাদ এবং দ্রুত বিচার ট্রাইবুনালে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদে সোচ্চার হয়েছেন দেশের সম্মিলিত আবৃত্তিশিল্পীরা।
“চিৎকার করো মেয়ে, দেখি কতদূর গলা যায়”- স্লোগানে মঙ্গলবার (৩ মার্চ) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদী আবৃত্তি আয়োজন।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনাগুলো তুলে ধরে সারাদেশের মানুষকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান শিল্পীরা।
বলেন, “দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনব্যবস্থার পতন ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর পর জনগণের ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতা নেয়ার পর আমরা ভেবেছি, এইবার বুঝি নারীরা মুক্তি পাবে। পাবে স্বাধীনতা। নির্ভয়ে থাকবে ঘরে বাইরে, হাটে-মাঠে-ঘাটে। কিন্তু কোথায় সেই সুদিন?”
একই সাথে দ্রুত বিচার ট্রাইবুনালে নিয়ে ধর্ষণের ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
কর্মসূচিতে দেশের বিশিষ্টি আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিকর্মীরা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।
আবৃত্তি করেন- সামছুদ্দোহা পাটোয়ারি, সঙ্গীতা খান, মুমু মাহিনুর, অনন্যা মাহমুদ, আঞ্জুমান লায়লা নওশিন, ফাহমিদা সূচনা, মাসুদ মনিরুল, মাহি ফারহানা, শারমিন জুই, কামরুজ্জামান, মাহবুবুর রহমান টুনু, লিজা তাসলিমা, শিরীন বেবী, ইশরাত ঝিমিসহ অনেকে।
আয়োজনে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতি আরা নাসরিন, বটতলাসহ বেশ কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিত্ব। আয়োজনের সমন্বয়ে ছিলেন আবৃত্তিশিল্পী আঞ্জুমান লায়লা নওশিন, অনন্যা মাহমুদ ও তাসনুভা মোহনা।






