দাম বেড়েছে ডিমের, মুরগির দামে কিছুটা স্বস্তি | চ্যানেল আই অনলাইন

দাম বেড়েছে ডিমের, মুরগির দামে কিছুটা স্বস্তি | চ্যানেল আই অনলাইন

রাজধানীর নিত্যপণ্যের বাজারে সাম্প্রতিক সময়ে কিছু পণ্যের দামে স্বস্তি এলেও সামগ্রিকভাবে পুরোপুরি স্থিতিশীলতা ফিরেনি। বিশেষ করে সোনালি মুরগির দাম কিছুটা কমলেও ডিমের দাম বেড়েছে, আর সয়াবিন তেলের সরবরাহে ঘাটতির কথা জানিয়েছেন বিক্রেতারা।

আজ ১৭ এপ্রিল শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, সোনালি মুরগি বর্তমানে কেজিপ্রতি ৩৯০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদুল ফিতরের পর হঠাৎ করেই এ মুরগির দাম কেজিতে প্রায় ১০০ টাকা বেড়ে যায়। বর্তমানে কিছুটা কমলেও এখনো আগের দামে ফিরে আসেনি। এদিকে ডিমের বাজারে উল্টো চিত্র দেখা গেছে।

গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি ডিমের দাম বেড়ে এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা ক্রেতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। অন্যদিকে চাল, ডাল, পেঁয়াজ ও রসুনের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে সয়াবিন তেলের সরবরাহে কিছুটা ঘাটতি থাকায় বাজারে এটি সহজলভ্য নয় বলে অভিযোগ রয়েছে।

সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বিক্রেতাদের দাবি, গত কয়েক দিনের তুলনায় শাকসবজির দাম কমেছে। তবে এখনও কিছু সবজির দাম কেজিপ্রতি ১০০ টাকার ওপরে রয়েছে, যা নিম্নআয়ের মানুষের জন্য উদ্বেগের কারণ।

বিক্রেতারা বলছেন, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে পণ্যের দাম আরও কমতে পারে। তবে ভোক্তারা মনে করছেন, বাজারে কার্যকর নজরদারি না বাড়ালে দাম পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে না।