গ্রামের মধ্যবিত্ত পরিবারের সাদামাটা মেয়ে রাইসা। স্বভাবে একটু চাপা হওয়ায় সবার সঙ্গে সহজে মিশতে পারে না সে। অন্যদিকে পার্থ সম্ভ্রান্ত যৌথ পরিবারের ছেলে। তার মা-বাবা ও ছোট ভাইবোন সবাই মিশুক স্বভাবের। দুই ভিন্ন মেরুর এই তরুণ-তরুণী ভালোবাসার বন্ধনে এক বিন্দুতে এসে মিলে যায়। কিন্তু গল্প মোড় নেয় ধর্ষণের প্রতিশোধের ঘটনাকে ঘিরে।
এই গল্প নিয়েই নির্মিত নাটক ‘জখম’। মুক্তির পর দুই দিনেই নাটকটি দেখেছেন ৪০ লাখের বেশি দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যমে তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনীর অভিনয় নিয়ে প্রশংসায় মেতেছেন দর্শকেরা।
ইউটিউবের মন্তব্যঘরে একজন দর্শক লিখেছেন, ‘খুব শক্তিশালী উপস্থাপনা। এই ধরনের গল্প সমাজের অন্ধকার দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।’
আরেকজনের মন্তব্য, ‘হাজারো ধর্ষিতা নারীর জীবনের সত্যিটা তুলে ধরার জন্য ধন্যবাদ।’ কেউ লিখেছেন, ‘বাস্তব গল্প তুলে ধরা এই নাটক জাতি সারাজীবন মনে রাখবে।’
অভিনেতাদের অভিনয় নিয়েও প্রশংসা দেখা গেছে। এক তরুণী মন্তব্য করেছেন, ‘এটা কী ছিল! সেরা। তৌসিফের অভিনয়ে মুগ্ধ।’
পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একজন লিখেছেন, ‘নাটকটির মাধ্যমে বর্তমান সমাজের মুখোশ খুলে দেওয়ার জন্য পরিচালককে ধন্যবাদ।’
ইমরাউল রাফাতের পরিচালনায় ‘জখম’ নাটকে রাইসা চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থ চরিত্রে তৌসিফ মাহবুব।
পরিচালক বলেন, ‘এটি মূলত প্রতিশোধের গল্প। ধর্ষণের শিকার হওয়া নারীদের সমাজে কীভাবে দেখা হয় এবং অন্যায়ের প্রতিবাদ ও প্রতিশোধ—এই বিষয়গুলো নিয়ে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছি। এক দিনেই চল্লিশ লাখের বেশি দর্শক নাটকটি দেখেছেন। এতে বোঝা যায়, দর্শকেরা কাজটি পছন্দ করছেন।’
নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার ও ইসরাত অতিথি প্রমুখ।





