রাজধানীতে ভোরবেলা থেকেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। গত কয়েকদিনের তীব্র গরম থেকে এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও, ঘর থেকে বের হওয়া শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে। সড়কে যান চলাচল করলেও বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও তীব্র যানজটের দেখা দিয়েছে। ফলে নগরবাসীরা ভোগান্তিতে পড়ছেন।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ছয়টা থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি।
বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা। এদিকে রিকশা না পেয়ে অনেকেই গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। রিকশা পাওয়া গেলেও রিকশাচালকরা ভাড়া চাচ্ছেন দ্বিগুনের বেশি। ফলে অফিস বা স্কুলগামী মানুষদের দীর্ঘসময় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে বৃষ্টিতে আশ্রয়ের জন্য কাছাকাছি দোকান বা ভবনে ছুটে যান। এমনকি ছাতা মাথায় নিয়েও বৃষ্টিতে ভিজে গেছেন অনেকেই। রাস্তায় দীর্ঘক্ষণ বাস ও রিকশার জন্য অপেক্ষা করে বৃষ্টিতে ভিজেই কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছেন অনেকে।
কারওয়ান বাজারগামী কর্মজীবী নারী নাফিসা আক্তার বলেন, অফিসে যাওয়ার পথে রিকশা পেতে তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। পরে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় যেতে বাধ্য হন তিনি।
অন্যদিকে, মিরপুরের কাজীপাড়া এলাকায় বাসে ওঠার সময় বেশ কিছু যাত্রী বৃষ্টিতে ভিজে গেছেন। বৃষ্টিতে স্কুলগামী শিক্ষার্থীদের ড্রেস ভিজে যাওয়ায় স্কুলে যেতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেকেরই।
রাজধানীতে টানা বৃষ্টির ফলে কারওয়ান বাজার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর সঙ্গে তীব্র যানজটও দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে অফিসগামীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অনেকেই নির্ধারিত সময়ের আগেই বাসা থেকে বের হলেও যানজট ও ধীরগতির কারণে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারবেন না বলে শঙ্কা প্রকাশ করেছেন।
আরেক কর্মজীবী নারী জানান, ছাতা থাকা সত্ত্বেও বৃষ্টিতে ভেজা এড়াতে পারিনি। তবে ভোগান্তি হলেও গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছি।
এদিকে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।






