বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ নিয়াজ রচিত ‘দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (২ মে) রাজধানীর আর্মি গলফ ক্লাব-এ আয়োজিত এক অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
আয়োজকরা জানান, শুধু গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল উন্নয়ন দর্শন, গবেষণা, জ্ঞানচর্চা এবং ভবিষ্যৎ রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে নতুন ভাবনার এক গুরুত্বপূর্ণ পরিসর তৈরি করেছে। অনুষ্ঠানে দেশের শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, সাহিত্যিক, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
গ্রন্থটিতে সমকালীন বিশ্বে উন্নয়ন চিন্তা, রাষ্ট্রগঠন, সমাজ-অর্থনীতি এবং মানবিক অগ্রযাত্রাকে নতুন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন। তারা নতুন প্রজন্মের চিন্তা, গবেষণার প্রয়োগ এবং বাস্তবভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মাহবুব উল্লাহ।
সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ আমেরিকান ইন্টারন্যাশনান ইউনিভার্সিটি বাংলাদেশের উপদেষ্টা এবং নর্দার্ন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. বরকতে খোদা, প্রফেসর ড. তাজুল ইসলাম, কমোডর মীর ইমদাদুল হক, কর্ণেল রউফসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল্লাহ বলেন, এই গ্রন্থ উন্নয়ন গবেষণায় একটি যুগান্তকারী সংযোজন। তার চিন্তা বাস্তবায়ন করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।
সভার সভাপতি তার ভাষণে বলেন, প্রফেসর নিয়াজের আলোচ্য গ্রন্থটি আমাদের সমাজের উন্নয়নগবেষণার ক্ষেত্রে মাইলফলক স্বরূপ।
অনুষ্ঠানে গ্রন্থটির ওপর একটি বিশ্লেষণধর্মী উপস্থাপনা করেন প্রফেসর আহমদ নিয়াজ। এতে তিনি উন্নয়নের দার্শনিক ও নৈতিক দিক বিবেচনায় রেখে সমাজের বিভিন্ন খাতে কীভাবে বিশ্বমানের উন্নয়ন সম্ভব, তা তুলে ধরেন।






