স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের | চ্যানেল আই অনলাইন

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের | চ্যানেল আই অনলাইন

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে দারুণ অবস্থানে পাকিস্তান। বাংলাদেশের ৪১৩ রানের জবাবে ১ উইকেটে ১৭৯ রান তুলেছে তারা। অবশ্য চিত্রটা ভিন্ন হতে পারত, যদি স্লিপে দুটি ক্যাচ না ছাড়তেন বাংলাদেশি ফিল্ডাররা। দিনের খেলা শেষে এর জন্য আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

ইনিংসের অষ্টম ওভারে ইবাদত হোসেনের বলে স্লিপে ইমাম-উল-হকের ক্যাচ ছাড়েন মাহমুদুল হাসান জয়। ২৩ রানে জীবন পাওয়া ইমাম পরে ৪৫ রান করেন। এরপর অভিষিক্ত আব্দুল্লাহ ফজলের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। ২৮ রানে জীবন পেয়ে ফজল দিন শেষে ৩৭ রানে অপরাজিত আছেন।

সালাউদ্দিন জানালেন স্লিপ ক্যাচিংয়ে আরও উন্নতির দরকার আছে বাংলাদেশের। বলেছেন, ‘আমাদের কিছু জায়গায় উন্নতি অনেক দরকার, সেটা বিশেষত স্লিপ ক্যাচিং। কারণ এটা একটা বিশেষ জায়গা। এই জায়গাটা নিয়ে আসলে আরও কীভাবে উন্নতি করা যায়, সেটা নিয়ে আমরা কথা বলবো।’

ক্যাচ মিসের পাশাপাশি ফিল্ডিংটাও ছিল বেশ বাজে। এটিও দিন শেষে অকপটে মেনে নেন সালাউদ্দিন।