দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ ২১ মে বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের পরিবর্তন এবং সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
এর আগে বুধবার স্বর্ণের দাম একই পরিমাণ কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায় নেমে আসে। তারও আগে ১৬ মে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল।
বাজুস বলছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের ওঠানামার কারণেই নিয়মিতভাবে স্বর্ণের দাম সমন্বয় করা হচ্ছে।





