যুক্তরাজ্যে বাংলাদেশের ২৫ মিলিয়ন ডলার জব্দ, দ্রুতই ফিরবে দেশে: গভর্নর – DesheBideshe

যুক্তরাজ্যে বাংলাদেশের ২৫ মিলিয়ন ডলার জব্দ, দ্রুতই ফিরবে দেশে: গভর্নর – DesheBideshe


যুক্তরাজ্যে বাংলাদেশের ২৫ মিলিয়ন ডলার জব্দ, দ্রুতই ফিরবে দেশে: গভর্নর – DesheBideshe

ঢাকা, ৮ জুন – বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি জানান, যুক্তরাজ্যে পাচার হওয়া ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ ইতোমধ্যে জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই এই অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। স্টোলেন অ্যাসেট রিকভারি কার্যক্রমের আওতায় এই সাফল্য এসেছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে গভর্নর এসব তথ্য জানান। সভায় ব্যাংকিং খাতের চলমান সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ হ্রাস এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গভর্নর জানান, কয়েকটি বৃহৎ ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে আইনি কাঠামোর সংস্কারের ওপর জোর দেন গভর্নর। তিনি উল্লেখ করেন, খেলাপি ঋণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অর্থঋণ আদালত আইন সংশোধনের কাজ চলছে। এ ছাড়া আদায় অযোগ্য ঋণ ব্যবস্থাপনার জন্য ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাক্ট প্রণয়ন করা হচ্ছে।

ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সংস্কারের মূল লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।

ডিজিটাল রূপান্তরের বিষয়ে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক একটি সমন্বিত ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে। এর মাধ্যমে ডিজিটাল ন্যানো লোন এবং এআইভিত্তিক ঋণ মূল্যায়ন পদ্ধতি চালু করা হবে। ওয়ান সিটিজেন, ওয়ান আইডেন্টিটি, ওয়ান ওয়ালেট ধারণার বাস্তবায়ন দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বাংলা কিউআর কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করা এবং রাজস্ব আদায় বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর, সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিকের সম্পাদকবৃন্দ। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররাও উপস্থিত ছিলেন। সম্পাদকরা ব্যাংকিং খাতের টেকসই উন্নয়নে তাদের মতামত তুলে ধরেন এবং উভয় পক্ষ আর্থিক খাতের অগ্রগতিতে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

এনএন/ ৮ জুন ২০২৬